Logo

জাতীয়

আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রতিশ্রুতিবদ্ধ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৫, ১২:২৬

অ
আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রতিশ্রুতিবদ্ধ

বাংলাদেশ ও শ্রীলঙ্কা দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং পারস্পরিক সমৃদ্ধির জন্য আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা জোরদারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেলে ব্যাংককে অনুষ্ঠিত ২০তম বিমসটেক মন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং শ্রীলঙ্কার উপ পররাষ্ট্রমন্ত্রী অরুণ হেমাচন্দ্রের মধ্যে এক বৈঠকে এ আলোচনা হয়।

শুক্রবার (৪ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও গভীর করার ওপর জোর দেন দুই দেশীয় প্রতিনিধি।

এর আগে বিমসটেক মহাসচিব ইন্দ্র মনি পান্ডে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। 

উপদেষ্টা বৈঠকে আঞ্চলিক সহযোগিতা এগিয়ে নিতে বিমসটেক সচিবালয়ের ভূমিকার প্রশংসা করেন এবং আসন্ন সভাপতির দায়িত্ব গ্রহণের প্রেক্ষিতে বাংলাদেশ বিমসটেক প্রক্রিয়ার প্রতি দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

মহাসচিব বিমসটেকের আসন্ন ৩০তম বার্ষিকী উদযাপনে বাংলাদেশের সমর্থন কামনা করেন। 

জবাবে উপদেষ্টা এ উদ্যোগকে স্বাগত জানান এবং বার্ষিকী উদযাপনের জন্য একটি বিস্তৃত পরিকল্পনা রূপরেখা তৈরি করতে বিমসটেক সচিবালয়কে উৎসাহিত করেন।

উভয় পক্ষই বাংলাদেশের আসন্ন সভাপতিত্বকে সফল করতে এবং বিমসটেকের তিন দশকের আঞ্চলিক সহযোগিতা যথাযথভাবে উদযাপনের জন্য ঘনিষ্ঠভাবে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

উল্লেখ্য, শুক্রবার ব্যাংককে অনুষ্ঠিত হচ্ছে ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলন। সেখানে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

ডিআর/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন