Logo

জাতীয়

নতুন দলের নিবন্ধনে আগ্রহ থাকলেও নেই আইনি আবেদন

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ১২:৪১

অ
নতুন দলের নিবন্ধনে আগ্রহ থাকলেও নেই আইনি আবেদন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য গণবিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে নির্ধারিত সময়ের অর্ধেক পার হয়ে গেলেও এখন পর্যন্ত কোনো দল আইনি প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করেনি।

গত ১০ মার্চ নতুন দল নিবন্ধনের লক্ষ্যে গণবিজ্ঞপ্তি প্রকাশ করে ইসি। এতে বলা হয়, আগ্রহী রাজনৈতিক দলগুলোকে ২০ এপ্রিল-২০২৫ তারিখের মধ্যে প্রয়োজনীয় দলিলাদিসহ নিবন্ধনের আবেদন করতে হবে। কিন্তু নির্ধারিত সময়ের অর্ধেক পেরিয়ে গেলেও এখনো আইনগতভাবে নিবন্ধন চেয়ে আবেদন করেনি কোনো রাজনৈতিক দল।

নতুন দলের নিবন্ধন ও আবেদন গ্রহণের দায়িত্বে থাকা নির্বাচন কমিশনের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশের খবরকে বলেন, নির্বাচন কমিশনের গণবিজ্ঞপ্তিতে কয়েকটি রাজনৈতিক দল সাড়া দিয়েছে। কিন্তু তাদের আবেদন গণবিজ্ঞপ্তিতে উল্লিখিত আইন অনুযায়ী না হওয়ায় আমরা এসব আবেদন এখনই আমলে নিচ্ছি না।

তিনি বলেন, রমজান ও ঈদের ছুটি থাকায় অনেক দল হয়তো আবেদন করতে পারেনি। হাতে এখনো কিছু সময় আছে। ধারণা করছি, শেষ সময়ে আগ্রহী দলগুলো আবেদন জমা দেবে।

তিনি আরও জানান, গত ১৬ বছরে যেসব রাজনৈতিক দল নিবন্ধনের আবেদন করেও নিবন্ধন পায়নি, এবার তারা নতুন করে চেষ্টা করতে পারে।

গণবিজ্ঞপ্তির নির্দেশনা অনুযায়ী আবেদন যেভাবে
গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৯০(ক) এবং রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা, ২০০৮ অনুযায়ী আগ্রহী দলগুলোকে ইসির নির্ধারিত ফরম-১ পূরণ করে আবেদন করতে হবে। আবেদনপত্র জমা দিতে হবে দলের নিজস্ব লেটারহেড প্যাডে এবং সঙ্গে সংযুক্ত করতে হবে নিচের দলিলাদি—

- দলের গঠনতন্ত্র
- নির্বাচনী ইশতেহার (যদি থাকে)
- বিধিমালা (যদি থাকে)
- দলের লোগো ও পতাকার ছবি
- কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যদের তালিকা
- ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, ব্যাংকের নাম ও সর্বশেষ হিসাব বিবরণ
- তহবিলের উৎস
- আবেদনকারী ব্যক্তির পক্ষে প্রদত্ত ক্ষমতাপত্র
- ট্রেজারিতে অফেরতযোগ্য ৫ হাজার টাকার চালানের কপি (কোড: ১০৬০১০১১০০১২৫-১১০০০০০০০-১১০০১০০০-১৪২২২০৪)  

এ ছাড়া আরও তিনটি শর্তের মধ্যে যেকোনো একটি পূরণের প্রমাণপত্র দিতে হবে—

১. দলীয় প্রতীকে অন্তত একটি আসনে সংসদ নির্বাচনে জয়লাভের প্রমাণ।
২. কোনো নির্বাচনী এলাকায় মোট ভোটের ৫ শতাংশ ভোট পাওয়ার প্রত্যয়নপত্র। 
৩. কেন্দ্রীয় অফিসসহ অন্তত এক-তৃতীয়াংশ জেলা এবং ১০০টি উপজেলা/মেট্রোপলিটন থানায় কার্যকর অফিস এবং প্রতিটি ইউনিটে কমপক্ষে ২০০ জন ভোটার সদস্য থাকার প্রমাণ।

ইসি থেকে নিবন্ধনের অনুমোদন পেলে সংশ্লিষ্ট দলকে ফরম-৩-এর মাধ্যমে নিবন্ধন সনদ দেওয়া হবে এবং দলটির নাম সরকারি গেজেটে প্রকাশ করা হবে।

উল্লেখ্য, ইসিতে বর্তমানে নিবন্ধিত দলের সংখ্যা ৪৯টি। এর মধ্যে আওয়ামী লীগ সরকারের পতনের পর এবি পার্টি, নুরুল হক নুরের গণঅধিকার পরিষদ (জিওপি), মাহমুদুর রহমানের নাগরিক ঐক্য এবং গণসংহতি আন্দোলন নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন। দলগুলো আবেদনের পাঁচ থেকে ছয় বছর পর আদালতের আদেশে নিবন্ধন পেয়েছে।

এসআইবি/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন