Logo

জাতীয়

পিলখানা হত্যাকাণ্ড

যমুনা ঘেরাও কর্মসূচির ডাক চাকরিচ্যুত বিডিআরদের

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ১৩:৪১

অ
যমুনা ঘেরাও কর্মসূচির ডাক চাকরিচ্যুত বিডিআরদের

পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় চাকরিচ্যুত সাবেক বিডিআর (বর্তমানে বিজিবি) সদস্যরা  ক্ষতিপূরণসহ চাকরিতে পুনর্বহালের দাবিতে ‘শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি’ পালন করছেন।

রোববার (৬ এপ্রিল) সকাল ১১টা থেকে রাজধানীর জিগাতলায় বিজিবির ৪ নং গেটের সামনে এ কর্মসূচি শুরু করেন তারা।

পরে এদিন দুপুর সাড়ে ১২টার দিকে আন্দোলনকারীদের পক্ষ থেকে পাঁচ প্রতিনিধি স্মারকলিপি নিয়ে পিলখানার ৪ নং গেটে যান। তবে তাদেরকে মহাপরিচালকের সঙ্গে সাক্ষাতের অনুমতি দেওয়া হয়নি। স্মারকলিপি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রেরণের আশ্বাসে তাদের ফেরত পাঠানো হয়।

ফিরে এসে আগামীকাল (সোমবার) প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনা ঘেরাও কর্মসূচি ঘোষণা দেন বিডিআর নেতারা। বাংলাদেশের খবরকে এ তথ্য নিশ্চিত করেছেন বিডিআর ( আন্দোলনকারী) সন্তান জুয়েল আজিজ। তিনি জানান, সোমবার সকাল ১১টায় শহীদ মিনার থেকে যমুনা ঘেরাও কর্মসূচি পালন করা হবে।

এর আগে সকালে (রোববার) চাকরিচ্যুত বিডিআর সদস্য রেজাউল আলম জানান, ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ২০০৯ সালে পিলখানায় সংঘটিত রক্তক্ষয়ী ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তা, ১০ জন বিডিআর সদস্যসহ মোট ৭৪ জন নিহত হন। কিন্তু এ ঘটনাকে পুঁজি করে ৯ হাজার ১৯ জন নিরপরাধ সদস্যকে চাকরিচ্যুত করা হয়।

তারা অভিযোগ করেন, এটি ছিল একটি পরিকল্পিত ষড়যন্ত্র। বিশেষ আদালত ও সামরিক ট্রাইব্যুনালের মাধ্যমে একপাক্ষিক বিচার করে আমাদের বিদ্রোহী আখ্যা দেওয়া হয়েছে। দীর্ঘ ১৬ বছর ধরে আমরা ও আমাদের পরিবারগুলো চরম দুর্দশায় জীবনযাপন করছি। 

আন্দোলনকারীদের দাবি, চাকরিচ্যুত সদস্যদের পূর্ণ ক্ষতিপূরণসহ চাকরিতে পুনর্বহাল করতে হবে। পাশাপাশি হত্যাকাণ্ডে জড়িত প্রকৃত দোষীদের বিচার নিশ্চিত করতে হবে।

জেসি/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন