Logo

জাতীয়

মিয়ানমারে দুই সপ্তাহ ধরে উদ্ধারকাজে বাংলাদেশ সেনাবাহিনী

Icon

বাসস

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ১০:৪১

অ
মিয়ানমারে দুই সপ্তাহ ধরে উদ্ধারকাজে বাংলাদেশ সেনাবাহিনী

মিয়ানমারে সংঘটিত সাম্প্রতিক ভূমিকম্পে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নেতৃত্বে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম টানা দুই সপ্তাহ ধরে চলমান রয়েছে। বাংলাদেশ সরকারের উদ্যোগে মিয়ানমারে পাঠানো এই বিশেষ দল দুর্গত মানুষের পাশে থেকে মানবিক সহায়তা কার্যক্রমে কাজ করে যাচ্ছে।

সোমবার (৭ এপ্রিল) আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

গত ২৮ মার্চ মিয়ানমারে সংঘটিত ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়। এই ভূমিকম্পের পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টার নির্দেশে ১ এপ্রিল বাংলাদেশ সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে বিশেষ উদ্ধার ও চিকিৎসা সহায়তা দল মিয়ানমারের রাজধানী নেপিডোতে পাঠানো হয়।

মিয়ানমার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবনে উদ্ধার অভিযান সোমবারও পরিচালনা করা হয়। এই অভিযানে গুরুত্বপূর্ণ নথিপত্রসহ অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়।

আইএসপিআর সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশ চিকিৎসা সহায়তা দল সোমবার নেপিডো শহরের ৫০ শয্যাবিশিষ্ট যবুথিরি টাউনশিপ হাসপাতাল এবং ১ হাজার শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবা প্রদান করে।

এ ছাড়াও বাংলাদেশ মেডিকেল টিম নেপিডোর পিনমানা শহরে একটি  বিশেষ মেডিকেল ক্যাম্পেইন পরিচালনার মাধ্যমে ১৪৩ জন রোগীর চিকিৎসা সহায়তা দিয়েছে। এই মেডিকেল ক্যাম্পেইন স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করে। 

ওই ক্যাম্পেইনে বিভিন্ন বয়সী রোগীদের সমাগম ঘটে, যেখানে বয়স্ক রোগীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সোমবার সর্বমোট ১৬২ জন রোগীর চিকিৎসাসহ চারটি জটিল অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করা হয়। এ পর্যন্ত ভূমিকম্পে আহত মোট ৬১৯ জন রোগীকে চিকিৎসা সেবা দিয়েছে বাংলাদেশ মেডিকেল টিম।

বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নেতৃত্বে পরিচালিত এই মানবিক তৎপরতা স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয়ের মাধ্যমে অব্যাহত থাকবে।

এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন