Logo

জাতীয়

পলাতক অপরাধীদের ফেরত আনতে সিঙ্গাপুরের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ১৯:৫৩

অ
পলাতক অপরাধীদের ফেরত আনতে সিঙ্গাপুরের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশ থেকে অনেক অপরাধী পালিয়ে সিঙ্গাপুরে আশ্রয় নিয়েছে মন্তব্য করে তাদেরকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার জন্য সিঙ্গাপুরের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

আজ দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসকক্ষে সিঙ্গাপুরের অনাবাসিক রাষ্ট্রদূত ডেরেক লোহের সৌজন্য সাক্ষাৎকালে এ কথা বলেন উপদেষ্টা।

উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ থেকে অনেক অপরাধী সিঙ্গাপুরে পালিয়ে গিয়ে সেখানে আশ্রয় নিয়েছে। তাদেরকে দেশে ফিরিয়ে এনে আমাদের আইনের আওতায় আনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিঙ্গাপুরের সহযোগিতা এই ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজন।’ তিনি এ বিষয়ে সিঙ্গাপুরের সাথে পারস্পরিক আইনি সহায়তার চুক্তি স্বাক্ষরের প্রস্তাব দেন।

রাষ্ট্রদূত ডেরেক লোহ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এই সহযোগিতার বিষয়ে চিঠি পাঠানোর প্রস্তাব দেন। 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশের ফায়ার সার্ভিস কর্মী তথা ফায়ার ফাইটাররা অগ্নি নির্বাপণ ও অগ্নিদুর্ঘটনা রোধে অত্যন্ত দক্ষ। কিন্তু আমাদের বড় ধরনের অগ্নি দুর্ঘটনার তদন্তের ক্ষেত্রে সামর্থ্যের কিছুটা ঘাটতি রয়েছে। সেক্ষেত্রে সিঙ্গাপুরের কারিগরি সহযোগিতা আমাদের প্রয়োজন। এ বিষয়ে তিনি সিঙ্গাপুরের সিভিল ডিফেন্স ডিপার্টমেন্টের সঙ্গে আলোচনা করবেন বলে জানান রাষ্ট্রদূত। 

তিনি বলেন, সিঙ্গাপুর বাংলাদেশের অন্যতম ঘনিষ্ঠ বন্ধু। দেশটিতে প্রচুর বাংলাদেশি কর্মী কাজ করছে যা সিঙ্গাপুরের সার্বিক উন্নয়নে অবদান রেখে চলেছে। তিনি এ সময় রাষ্ট্রদূতকে বাংলাদেশ থেকে আরও বেশি হারে জনশক্তি আমদানির আহ্বান জানান। 

বিষয়টি বিবেচনা করে হবে জানিয়ে রাষ্ট্রদূত বলেন, সিঙ্গাপুরের প্রায় ৫% অধিবাসী বাংলাদেশের। এ সময় তিনি বলেন, দুদেশের মধ্যে সম্পর্ক ও বন্ধুত্ব গভীর করতে জনগণের মধ্যে আন্তঃযোগাযোগ বৃদ্ধি অপরিহার্য যা পারস্পরিক ভরসা ও বিশ্বাসকে আরও দৃঢ় করবে।

বৈঠকে দুদেশের মধ্যে নিরাপত্তা, জনশক্তি রপ্তানি, মানব পাচার রোধ, বিমানবন্দর সম্পর্কিত প্রযুক্তি সহযোগিতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়।

এইচকে/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন