ফ্যাক্টচেক
বাংলাদেশ ‘৪৭তম ক্ষমতাধর দেশ’ দাবি নিয়ে যা জানা গেল
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ২১:১৫
বাংলাদেশ বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রের তালিকায় ১২৩তম অবস্থান থেকে উন্নীত হয়ে ৪৭তম অবস্থানে এসেছে দাবি করে একটি পোস্ট যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া হয়। সেখানে প্রধান উপদেষ্টার ছবি সম্বলিত ফটোকার্ডে লেখা আছে, ‘১২৩ থেকে ৪৭ : ২০২৫ সালে বাংলাদেশ এখন বিশ্বের ৪৭তম ক্ষমতাধর দেশ’। আরও লেখা আছে, ‘মাত্র ৭ মাসে ১২৩তম থেকে উঠে এল, ৪৭তম অবস্থানে বিশ্ব মঞ্চে বাংলাদেশের দুর্দান্ত প্রত্যাবর্তন!’ ফটো কার্ডটির ক্যাপশনে লেখা হয়েছে, ৭ মাসে ৭৬ ধাপের চমক! ২০২৫-এ বিশ্ব শক্তির মঞ্চে ৪৭তম অবস্থানে বাংলাদেশ—এটাই আমাদের জাগরণ!
মঙ্গলবার (৮এপ্রিল) বিকেলে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পেজে এই পোস্ট করা হয়।
-67f53cff0c00c.jpg)
তবে, ক্ষমতাধর রাষ্ট্রের তালিকায় এই অবস্থানের বিষয়টিকে ভুয়া বলে দাবি করেছে বাংলাদেশের ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার। তাদের অনুসন্ধান জানাচ্ছে, এই তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন।
উল্লেখযোগ্য, ইউএস নিউজ (US News) ওয়েবসাইটের র্যাঙ্কিং নিয়ে আলোচনার সূত্রে দাবিটি উঠে আসে। রিউমর স্ক্যানার জানায়, ইউএস নিউজের ওয়েবসাইটে গত ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর প্রকাশিত র্যাঙ্কিং অনুযায়ী, বাংলাদেশের সামগ্রিক অবস্থান ছিল ৭১তম, তবে ক্ষমতার ক্ষেত্রে দেশের অবস্থান ৪৭তম ছিল। এই র্যাঙ্কিংটি ২০২৪ সালের ২২ মার্চ থেকে ২৩ মে পর্যন্ত জরিপের মাধ্যমে তৈরি করা হয়েছিল।
এছাড়া, ২০২৩ সালে বাংলাদেশকে পাওয়ার বা ক্ষমতার ক্ষেত্রে ৪০তম অবস্থানে দেখানো হয়েছিল, যেখানে দেশটির মোট অবস্থান ছিল ৬৯তম। ২০২২ সালের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ছিল ৪৪তম (পাওয়ার) এবং ৭১তম (ওভারঅল)।
এটি স্পষ্ট যে, ২০২৫ সালের র্যাঙ্কিং এখনও ইউএস নিউজ প্রকাশ করেনি এবং তা চলতি বছরের সেপ্টেম্বর মাসে প্রকাশিত হবে। পাশাপাশি, রিউমর স্ক্যানার ইউএস নিউজের ওয়েবসাইটের আর্কাইভ বিশ্লেষণ করে নিশ্চিত করেছে যে, কখনোই বাংলাদেশ ১২৩তম অবস্থানে ছিল না। ২০২২ সাল থেকে এই র্যাঙ্কিংয়ে ৮৫টি থেকে ৮৯টি দেশের অন্তর্ভুক্তি হয়েছে। এই তালিকায় বাংলাদেশের অন্তর্ভুক্তি ২০২২ সাল থেকে শুরু হয়েছে।
রিউমর স্ক্যানারের অনুসন্ধান অনুযায়ী, এই র্যাঙ্কিং নিয়ে যে আলোচনা শুরু হয়েছে, তা মূলত ১০ ফেব্রুয়ারি ‘Asian SEA Story’ নামে একটি ফেসবুক পেজ থেকে ছড়ানো হয়, যেখানে ২০২৫ সালের র্যাঙ্কিং দাবি করা হয়। এরপর গত ৬ এপ্রিল রাতে ‘Global Statistics’ নামের এক এক্স অ্যাকাউন্ট থেকেও একই ধরনের পোস্ট করা হয়, যার পরই এটি ব্যাপকভাবে আলোচনা সৃষ্টিকারী হয়।
এভাবে, ৮ মাসে বাংলাদেশের ৪৭তম ক্ষমতাধর রাষ্ট্র হয়ে ওঠার দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুয়া হিসেবে প্রমাণিত হয়েছে বলে তাদের অনুসন্ধানে উঠে এসেছে।

যদিও রাতে ৯টার দিকে আসিফ মাহমুদের পেজে আর পোস্টটি পাওয়া যায়নি।
ডিআর/এমএইচএস

