দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করে বেশ কিছু অভিযোগ জমা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম।
বুধবার (০৯ এপ্রিল) দুপুর পৌনে ১টার দিকে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে যান তারা।
দুদক চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, আমরা কিছু লিখিত অভিযোগ নিয়ে এসেছিলাম। সেগুলো জমা দিয়েছি। অভিযোগগুলো কনফিডেনশিয়াল, এজন্য বলা যাচ্ছে না।
দুদকের কার্যক্রম নিয়ে জানতে চাইলে হাসনাত আবদুল্লাহ বলেন, আমি অভিযোগ নিয়ে এসেছি। এগুলো ফলোআপ করবো, ফিডব্যাক জানবো। এরপর বলতে পারবো।
এ সময় সারজিস আলম বলেন, অতীতে দুদককে ব্যবহার করে অনেককে সাম্রাজ্য তৈরি করতে সহযোগিতা করা হয়েছে। অনেক ভালো মানুষকে বছরের পর বছর ধরে ভোগান্তিতে রাখা হয়েছে। অস্বস্তিতে রাখা হয়েছে। সেই জায়গা থেকে আমরা চাই দুদক দুদকের মতো কার্যক্রম করুক।
এনএমএম/এমবি

