ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করায় সমস্যা হবে না : বাণিজ্য উপদেষ্টা
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ১৬:০৩
ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করায় বাংলাদেশের বাণিজ্যে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
বাণিজ্য উপদেষ্টা বলেন, হঠাৎ করে ট্রান্সশিপমেন্ট বাতিল করেছে ভারত। তবে সমস্যা হবে না। আমরা নিজস্ব ব্যবস্থাপনায় সংকট কাটাতে চেষ্টা করব। নিজস্ব সক্ষমতায় প্রতিযোগিতায় যেন কোনো ঘাটতি না হয় সেটা নিয়ে কাজ করছি। বাণিজ্যিক সক্ষমতা বাড়ানো হবে। একই সঙ্গে কাজ করছি যোগাযোগের ব্যাপারেও যাতে কোনো ঘাটতি না হয়।
উপদেষ্টা আরও বলেন, কিছু আছে অবকাঠামোগত বিষয়, কিছু আছে খরচ বৃদ্ধি, এসব নিয়ে কাজ করছি। আশা করছি, সমস্যা কাটিয়ে উঠব।
প্রসঙ্গত, মঙ্গলবার ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে নোটিশ জারি করে ভারতের সেন্ট্রাল বোর্ড অব ইনডিরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস- সিবিআইসি।
ডিআর/এমজে

