Logo

জাতীয়

নতুন বাংলাদেশে মহান বিজয়ের মাস শুরু

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৯

অ
নতুন বাংলাদেশে মহান বিজয়ের মাস শুরু

ছবি : সংগৃহীত

আজ ১ ডিসেম্বর। নতুন বাংলাদেশে এক নবযাত্রার সূচনা, এক ঐতিহাসিক মহাকাব্যের প্রারম্ভ। শুরু হলো সেই গৌরবময় মাস, যা বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রামের শিখরে পৌঁছানোর গল্প বলে। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর, রক্তে ভেজা নয় মাসের যুদ্ধের শেষে, অদম্য সাহসী বাঙালি জাতি অর্জন করেছিল চূড়ান্ত বিজয়। বিশ্বের মানচিত্রে নতুন এক দেশ স্বাধীন বাংলাদেশ উদিত হয় এই মাসেই। বছর ঘুরে আবার এসেছে সেই বিজয়ের মাস। 

মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে ১ ডিসেম্বর গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল একটি দিন। এদিন দিল্লিতে রাজ্যসভার অধিবেশনে দেওয়া এক বক্তৃতায় ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী উপমহাদেশে শান্তি প্রতিষ্ঠার স্বার্থে বাংলাদেশ থেকে পাকিস্তানি সৈন্য অপসারণের নির্দেশ দেওয়ার জন্য ইয়াহিয়া খানের প্রতি আহ্বান জানান। ইন্দিরা গান্ধী বলেন, ‘বাংলাদেশ থেকে পাকিস্তানি সৈন্য অপসারণই সমস্যার শ্রেষ্ঠ সমাধান। ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য বাংলাদেশ ও ভারতের জনসাধারণকে প্রস্তুত থাকতে হবে।’ 

১৯৭১ সালের ১ ডিসেম্বর যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের ভেতরে গেরিলা আক্রমণ অস্বাভাবিক বেড়ে যাওয়ায় পাকিস্তানের সামরিক বাহিনীর পদস্থ কর্মকর্তাদের নির্দেশে সেনাবাহিনী আরও ভয়াবহভাবে নিরীহ জনগণের ওপর ঝাঁপিয়ে পড়ে। বুড়িগঙ্গা নদীর অপর পারে জিঞ্জিরায় সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে একদিনেই হত্যা করা হয় ৮৭ জনকে।

এদিন বাঙালির জন্মভূমি শত্রুমুক্ত করার লড়াইকে আড়ালে রাখতে পাক-ভারত যুদ্ধ শুরু হয়েছে বলে বেতারে ঘোষণা দেন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান। কিন্তু সেদিন তাদের কোনো ষড়যন্ত্রই বাঙালিকে বিজয় অর্জন থেকে পিছিয়ে দিতে পারেনি। পাকিস্তানি বাহিনী বুঝতে শুরু করেছিল যে, বাঙালির অদম্য ইচ্ছাশক্তির সামনে তাদের টিকে থাকা সম্ভব নয়। একে একে পরাজিত হতে হতে, পাকিস্তান বাহিনী নতি স্বীকারে বাধ্য হয়েছিল। আজকের এই বিজয়ের মাস আমাদের স্মরণ করিয়ে দেয়, কীভাবে লাখো মানুষের আত্মত্যাগের ফলে আমরা পেয়েছি আমাদের স্বাধীনতা এবং মর্যাদা।

ডিআর/এসবি

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন