ফাইল ছবি
গণতন্ত্র বারবার হোঁচট খেয়েছে উল্লেখ করে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রিয়াজ বলেছেন, আমাদের লক্ষ্য হলো, আলোচনার মধ্য দিয়ে একটি জাতীয় সনদ তৈরি করা। যাতে করে আমরা বাংলাদেশে একটি স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারি।’
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল ১১টার দিকে জাতীয় সংসদের এলডি হলে বিএনপির সঙ্গে বৈঠকে অংশ নিয়ে আলোচনা শুরুর আগে তিনি এসব কথা বলেন।
আলী রীয়াজ বলেন, ‘আমরা দেখেছি, গণতন্ত্র বারবার হোঁচট খেয়েছে। শুধু তাই নয়, একটি ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল এ দেশে।’
ঐকমত্য কমিশনের সহসভাপতি বলেন, ‘আশা করছি, আলাপ-আলোচনার মধ্য দিয়ে আমরা এমন একটি জায়গায় পৌঁছাতে পারব, যেখান থেকে প্রাতিষ্ঠানিকভাবে ও সাংবিধানিকভাবে বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা নির্দেশ করবে। ইতোমধ্যে কিছু বিষয়ে বিএনপির একমত ও ভিন্নমত আছে। আলোচনার মধ্য দিয়ে আশা করি, এক জায়গায় আসতে পারব। টেবিলের দুই ধারে বসলেও আমরা দুপক্ষ নই।’
দীর্ঘদিন ধরে গণতান্ত্রিক আন্দোলনের ক্ষেত্রে বিএনপির একটি বিশাল ভূমিকা রয়েছে জানিয়ে আলী রিয়াজ বলেন, ‘রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে দলটি (বিএনপি) দাবি উত্থাপন করেছে, কর্মসূচি দিয়েছে। ফ্যাসিবাদী শাসনের লড়াইয়ের পাশাপাশি সংস্কারের তাগিদ দিয়েছে বিএনপি।’
তিনি বলেন, ‘সংস্কার কমিশনের পক্ষ থেকে সুপারিশগুলো রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার মাধ্যমে অগ্রসর হতে চাই। যেগুলো আমরা রাজনৈতিক দলকে দিয়েছিলাম, তারই পরিপ্রেক্ষিতে বিএনপি আন্তরিকভাবে, সুচিন্তিতভাবে তাদের মতামত জানিয়েছে। সংবিধান সংস্কার কমিশনের দায়িত্ব পালনকালে বিএনপির সহযোগিতা পেয়েছি, তার জন্য ধন্যবাদ জানাই।’
ডিআর/এমজে

