ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি, এমন আবহাওয়া কদিন থাকবে
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ১৪:৩৯
ছবি : ফারিহা আহমেদ তন্নি
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হয়েছে। এ সময় কোথাও কোথাও বজ্রপাত হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হয়।
রাজধানীর আজিমপুর, নিউমার্কেট, মিরপুর, শ্যামলী, কল্যাণপুর, মোহাম্মদপুর, বসিলা, ধানমন্ডি, বসুন্ধরা, বাড্ডা, গুলশান, রামপুরা ও আশপাশের এলাকায় মুষলধারে বৃষ্টি হয়। এ সময় থেমে থেমে বজ্রপাতও হয়েছে। এ ছাড়া ঝোড়ো হাওয়া বয়ে গেছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার রাজধানীতে ১০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ ছাড়া বৃষ্টি হয়েছে কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন স্থানে। এ বৃষ্টি ২০ এপ্রিল (রোববার) পর্যন্ত থাকতে পারে।
পূর্বাভাসে বলা হয়, একই সময়ে দেশজুড়ে একনাগাড়ে বৃষ্টি হবে না। বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, ‘এখন যে বৃষ্টি শুরু হয়েছে, তা আগামী রোববার পর্যন্ত চলতে পারে। দেশজুড়ে একনাগাড়ে এ বৃষ্টি হবে না। বৃষ্টি হবে বিচ্ছিন্নভাবে, দেশের বিভিন্ন প্রান্তে। এ সময়কার বৃষ্টির ধরন এমনই।
আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামী ৫ দিনে শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে এবং তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।
ডিআর/এমজে

