ঐতিহ্যবাহী ও পরিবেশবান্ধব বস্ত্রের প্রসারে কাজ করতে হবে : পরিবেশ উপদেষ্টা
বাসস
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ২১:০৪
পরিবেশবান্ধব পদ্ধতিতে তৈরি ঐতিহ্যবাহী বস্ত্রের প্রসারে কাজ করতে হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় গুলশানের এজওয়াটার গ্যালারিতে মাহীন খানের বৈশাখী উৎসব ও ‘ক্রাফটিং দ্য মেনি থ্রেডস অফ কালচারাল টেক্সটাইলস’ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পরিবেশ উপদেষ্টা বলেন, ‘টেকসই উন্নয়নের সঙ্গে সাংস্কৃতিক ঐতিহ্য গভীরভাবে যুক্ত। আমাদের ঐতিহ্য সংরক্ষণ মানে পরিবেশ রক্ষা করা।’
ফ্যাশন ডিজাইনার মাহীন খানের উদ্যোগের প্রশংসা করে উপদেষ্টা বলেন, ‘এই প্রদর্শনী ডিজাইনারের সৃজনশীলতার পরিচয়। তিনি ঐতিহ্য টিকিয়ে রাখতে টেকসই পন্থা গ্রহণ করেছেন। এই কাজ শুধু শিল্প নয়, এটি টেকসই ভবিষ্যতের পথও দেখাবে।’
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডিজাইনার মাহীন খান, আয়োজক শৈবাল সাহা, ইউসিবি ও এমটিবি ব্যাংকের প্রতিনিধি।
প্রদর্শনীর সঙ্গে মিল রেখে বৈশাখী উৎসবের গান, ফ্যাশন শো এবং বাংলার নববর্ষ উদযাপন হয়। এতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে শিল্পী, ডিজাইনার ও সংস্কৃতিমনা দর্শকরা উপস্থিত ছিলেন।
ডিআর/এমআই

