Logo

জাতীয়

সম্পদের তথ্য গোপনের মামলা

খালাস পেলেন সাবেক এমপি হাফিজ ইব্রাহিম

Icon

আদালত প্রতিবেদক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৪, ২০:১০

অ
খালাস পেলেন সাবেক এমপি হাফিজ ইব্রাহিম

সম্পদের তথ্য গোপন করে রাজউকে (রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ) মিথ্যা হলফনামা দিয়ে সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে করা মামলায় ভোলা-২ আসনের সাবেক এমপি ও বিএনপি নেতা মো. হাফিজ ইব্রাহীমকে খালাস দেওয়া হয়েছে।

রোববার (১ ডিসেম্বর) ঢাকার ৪ নম্বর বিশেষ জজ আদালত এ রায় ঘোষণা করেন।

সাবেক এ সাংসদের উপস্থিতিতে রায় ঘোষণা করেন বিচারক।

২০১৭ সালের ১৩ মার্চ দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর হোসেন রাজধানীর মাতিঝিল থানায় এ মামলা করেন।

মামলার অভিযোগে বলা হয়, হাফিজ ইব্রাহীম ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত এমপি থাকাকালে রাজউকে মিথ্যা হলফনামা দিয়ে ঢাকার বনানী আবাসিক এলাকায় ৫ কাঠার একটি সরকারি প্লট নেন। ২০০৪ সালের ২৫ জানুয়ারি রাজউকে গুলশান ও বনানী আবাসিক এলাকায় প্লট বরাদ্দের জন্য আবেদন করেন। 

এই আবেদনের সঙ্গে দাখিল করা হলফনামায় তিনি উল্লেখ করেন ‘বৃহত্তর ঢাকা মহানগরীর রাজউকের আওতাধীন এলাকায় কোথাও তার নিজের নামে, স্ত্রী/স্বামী, নির্ভরশীল ছেলে-মেয়ে অথবা পোষ্যের নামে কোনো আবাসিক জমি বা বাড়ি/ফ্ল্যাট খরিদ কিংবা উত্তরাধিকার সূত্রে নাই অথবা পূর্বতন ডিআইটি বর্তমানে রাজউক অথবা কোনো সরকারি সংস্থা কর্তৃক কোনো আবাসিক জমি বা বাড়ি বরাদ্দ অথবা লিজ প্রদান করা হয়নি’।

এর প্রেক্ষিতে ২০০৫ সালের ৮ মে বনানী আবাসিক এলাকায় রাজউক তাকে একটি প্লটের সাময়িক বরাদ্দপত্র প্রদান করে।

পরে ওই বছরের ২৭ ডিসেম্বর নামে ওই প্লটের একটি লিজ দলিল সম্পাদন করে দেয় রাজউক।

দুদকের অনুসন্ধানে দেখা যায়, হাফিজ ইব্রাহীম নিজ নামে ২০০৫ সালের ১০ এপ্রিল গুলশানে ৪ কাঠা এবং ৩ কাঠা জমি ক্রয় করেন। তিনি মিথ্যা তথ্য দিয়ে রাজউকের প্লট বরাদ্দ নিয়েছেন।

জেইউ/এমজে  

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন