নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে বর্ধিত সভা
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ১৮:৫৬
রংপুরে নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে বর্ধিত সভা করেছে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ। রোববার (২০ এপ্রিল) নগরীর কেরানি পাড়ায় শৈলি সেন্টারে এ সভার আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানীর সভাপতিত্বে স্টান্ডিং কমিটির সদস্য বখতিয়ার হোসেন শিশিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন- কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শফিয়ার রহমান, কাউনিয়ার আশিকুর রহমান, পীরগাছার বাবুল আক্তার, গঙ্গাচরার মাহমুদুল হাসান, সুন্দরগঞ্জের মুন্সি সাজু, রাজারহাটের কানন সরকার, রাজিকুল ইসলাম, আব্দুস সালাম, উলিপুরের মোশাররফ হোসেন মুন্সি, হাতিবান্দার মোশাররফ হোসেন, মেহেদী হাসানসহ তিস্তা পাড়ের নদী আন্দোলনের নেতা কর্মীরা।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানী বলেন, ‘এই অন্তবর্তীকালীন সরকারের সময়েই নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনার শুভ উদ্বোধন দেখতে চান উত্তরাঞ্চলের কোটি মানুষ। আমরা আশা করি সরকার এ বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে’।
সভায় আগামী ৪ মে তিস্তা নদী রক্ষা আন্দোলন ঘোষিত কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে রংপুর বিভাগীয় শহরে গণপদযাত্রা বাস্তবায়নের আহ্বান জানানো হয়। তিস্তা পাড়ের লাখো মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ ও জীবনমানের উন্নয়নে দেশীয় অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে করণীয় হিসেবে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ ছয়টি দাবি উত্থাপন করেন।
তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের দাবিগুলো হলো :
১. তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ‘তিস্তা কর্তৃপক্ষ’ গঠন করা।
২. সরকারিভাবে ‘তিস্তা বন্ড’ চালু করা।
৩. রংপুর বিভাগের উন্নয়ন বৈষম্য নিরসনে জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দ নিশ্চিত করা।
৪. তিস্তা মহাপরিকল্পনার অর্থায়নে সারচার্জ নির্ধারণ করা।
৫. তিস্তা অববাহিকার পাঁচ জেলায় আদায়কৃত রাজস্ব তিস্তা মহাপরিকল্পনায় ব্যবহার করা।
৬. পানি উন্নয়ন বোর্ড কর্তৃক স্বল্প ও মধ্য মেয়াদি পরিকল্পনার আওতায় বরাদ্দকৃত অর্থ তিস্তা মহাপরিকল্পনার অর্থায়নে যুক্ত করা।
এইচকে/এমআই

