শ্বশুরের আপিলে মুক্তি মিলছে না সাবেক এসপি বাবুলের
আদালত প্রতিবেদক
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৪, ০৮:১৯
চট্টগ্রামের সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে দেওয়া জামিন আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেছেন মিতুর বাবা মোশাররফ হোসেন।
রোববার (১ ডিসেম্বর) আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার জজ আদালতে ওই আবেদন করার পর প্রাথমিক শুনানি গ্রহণ করে আগামী মঙ্গলবার অধিকতর শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে।
একই সাথে রাষ্ট্রপক্ষ কেন এ বিষয়ে আপিল করেননি তা জানতে চেয়েছেন।
ফলে আপিল আবেদনের পূর্ণাঙ্গ শুনানি না হওয়া পর্যন্ত বাবুলকে কারাগারেই থাকতে হচ্ছে।
চেম্বার জজ আদালতে শুনানিতে এদিন বাবুলের পক্ষে ছিলেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার এ এম মহাবুব উদ্দিন খোকন, কায়সার কামাল ও আইনজীবী মুহাম্মদ শিশির মনির প্রমুখ।
রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ।
গত বুধবার (২৭ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজার সমন্বয়ে গঠিত বেঞ্চ বাবুলের জামিন মঞ্জুর করেন।
গত বছরের ১৩ মার্চ চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জসিম উদ্দিন আসামি বাবুলসহ ৭ জনের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরু করার আদেশ দেন।
এর আগে ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর এ মামলায় বাবুলসহ ৭ জনকে আসামি করে চার্জশিট দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
একই বছরের ১০ অক্টোবর চার্জশিট আমলে নিয়ে বাবুলসহ অন্যদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২/২০১/১০৯ ধারায় চার্জ গঠন করে বিচারিক আদালত।
এ মামলার অন্য আসামিরা হলেন, মোতালেব মিয়া ওরফে ওয়াসিম, আনোয়ার হোসেন, এহতেশামুল হক ভোলা, শাহজাহান মিয়া, কামরুল ইসলাম শিকদার মুছা ও খায়রুল ইসলাম।
জেইউ/এমজে

