Logo

জাতীয়

হত্যা মামলায় শাজাহান-আতিকুল-সৈকত রিমান্ডে

Icon

আদালত প্রতিবেদক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ১২:৩৮

অ
হত্যা মামলায় শাজাহান-আতিকুল-সৈকত রিমান্ডে

রাজধানীর যাত্রাবাড়ীতে মাদ্রাসাছাত্র মো. আরিফ হত্যা মামলায় সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, ডিএনসিসির সাবেক মেয়র আতিকুল ইসলাম এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২৩ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান এ আদেশ দেন।

আদালত শাজাহান খানের একদিন এবং আতিকুল ইসলাম ও তানভীর হাসান সৈকতের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষে শুনানি করেন মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী।

এদিন আসামিদের আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা তিনজনের ৭ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে বিচারক রিমান্ডের আদেশ দেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই বিকেলে যাত্রাবাড়ীতে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের গোলাগুলিতে গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরিফের বাবা মো. ইউসুফ যাত্রাবাড়ী থানায় মামলা করেন।

এরই প্রেক্ষিতে গত বছরের ৫ সেপ্টেম্বর দিবাগত মধ্যরাতে ধানমন্ডির বাসা থেকে শাজাহান খানকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এরপর একাধিক মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়। একই বছরের ১৬ অক্টোবর গ্রেপ্তার করা হয় আতিকুল ইসলামকে। আর তানভীর হাসান সৈকত রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার হন গত ১৪ আগস্ট রাতে। আসামিরা প্রত্যেকেই বিভিন্ন মামলায় রিমান্ড ভোগ করেছেন।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন