ফুটবলার মোরছালিনের বিরুদ্ধে যৌতুকের মামলা প্রত্যাহার
আদালত প্রতিবেদক
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ১৯:২৭
জাতীয় দলের ফুটবলার শেখ মোরছালিন।
গাড়ি কেনার জন্য যৌতুক দাবির অভিযোগে জাতীয় দলের ফুটবলার শেখ মোরছালিনের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করে নিয়েছেন মামলার বাদী তার স্ত্রী সেঁজুতি বিনতে সোহেল।
বুধবার (২৩ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ মোহাম্মদ সালেহর আদালত মামলা প্রত্যাহারের এ আবেদন মঞ্জুর করেন।
জানা গেছে, ৮ লাখ টাকা দেনমোহরে বিবাহবন্ধনে আবদ্ধ হন মোরসালিন এবং সেঁজুতি। দেনমোহরের ৮ লাখ টাকার মধ্যে আজ সেঁজুতিকে নগদ ৬ লাখ টাকা দেন মোরসালিন। দুই লাখ টাকার চেক দেওয়া হয়েছে, যা আগামী ৩১ জুলাইয়ের মধ্যে নগদায়ন করবেন বলে আপসনামায় উল্লেখ করা হয়েছে।
এর আগে, গত ২৬ ফেব্রুয়ারি ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তার স্ত্রী পরিচয়ে সেজুতি বিনতে সোহেল বাদী হয়ে এ মামলা করেন।
মামলার অভিযোগে বলা হয়, গত বছরের ২৯ নভেম্বর শেখ মোরছালিনের সঙ্গে তার ১০ লাখ টাকা দেনমোহরে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই মোরছালিন তার কাছে গাড়ি কেনার জন্য ২০ লাখ টাকা যৌতুক দাবি করেন। গত ১০ ডিসেম্বর রাত ১০টার দিকে সাভারে বাদীর পিতার বাসায় আসেন মোরছালিন।
তখন তার জন্য রাতের খাবারের ব্যবস্থা করতে গেলে তিনি বলেন, 'আমি খাবার খেতে আসিনি, যৌতুকের ২০ লাখ টাকা নিতে এসেছি।' এ সময় বাদীর মা-বাবা তাকে অনুরোধ করে বলেন, ২০ লাখ টাকা দেওয়ার কোনো সামর্থ্য নেই। পরে মোরছালিন তাদের গালাগালি ও হুমকি দিতে থাকেন।
জেএন/এমআই

