রানা প্লাজা ট্র্যাজেডির ১২ বছর
ক্ষতিপূরণ ও বিচার না পেয়ে রাজপথে শ্রমিকরা
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ১২:৩৮
রানা প্লাজা ধসের ১২ বছর পেরিয়ে গেলেও এখনো পূর্ণ ক্ষতিপূরণ এবং বিচার না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী শ্রমিক ও তাদের পরিবার। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে এ ক্ষোভ প্রকাশ করেন তারা।
পোশাক শ্রমিক উন্নয়ন জনকল্যাণ সংস্থার ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে অংশ নেন বিভিন্ন গার্মেন্টস কারখানার শতাধিক শ্রমিক।
তারা বলেন, ২০১৩ সালের এই দিনে সাভারের রানা প্লাজা ধসে নিহত হন সহস্রাধিক শ্রমিক। বহু আহত শ্রমিক এখনো চিকিৎসাহীন, বেকার এবং অসহায় জীবনযাপন করছেন। কিন্তু ন্যায্য বিচার পাচ্ছেন না।
সংস্থার সভাপতি বিলকিস বেগম বলেন, শ্রমিকদের রক্তে গড়া এই শিল্পে আজও তাদের মৌলিক অধিকার নিশ্চিত হয়নি। আমরা ন্যায্যতার দাবিতে আন্দোলন চালিয়ে যাব।
দপ্তর সম্পাদক শম্পা আক্তার বলেন, ঘটনার সত্যিকারের তদন্ত হয়নি। দোষীদের বিচার না হওয়া পর্যন্ত আমরা চুপ করে বসে থাকব না।
অর্থ সম্পাদক সেলিনা ইসলাম বলেন, আহতরা আজও বেকারত্বের শিকার। তাদের পুনর্বাসন ও চিকিৎসার দায়িত্ব নিতে হবে সরকারকে।
প্রসঙ্গত, ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজা নামের আটতলা ভবন ধসে পড়ে। সরকারি হিসাবে এতে নিহত হন ১ হাজার ১৩৮ জন। আহত হন অন্তত ২ হাজার ৫০০ জন। মানবাধিকার সংগঠনগুলোর মতে, প্রকৃত মৃত ও নিখোঁজের সংখ্যা আরও বেশি।
- জেসি/এটিআর

