Logo

জাতীয়

দক্ষিণের ২১ জেলায় ২ ঘণ্টা ‘ব্ল্যাক আউট’

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ২১:০৯

অ
দক্ষিণের ২১ জেলায় ২ ঘণ্টা ‘ব্ল্যাক আউট’

ন্যাশনাল গ্রিডে সমস্যা দেখা দেওয়ায় দেশের দক্ষিণাঞ্চলের ২১টি জেলা শনিবার (২৬ এপ্রিল) বিকেল থেকে বিদ্যুৎহীন হয়ে পড়ে। বিকেল ৫টা ৪৮ মিনিটের দিকে আচমকাই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দুই ঘণ্টা পরে রাত ৮টার দিকে কয়েকটি জেলায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। 

ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হায়দার আলী জানিয়েছেন, গোপালগঞ্জের আমিনবাজারে ন্যাশনাল গ্রিডে সমস্যা দেখা দেওয়ায় এ বিপর্যয় ঘটেছে। তিনি বলেন, ‘ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হচ্ছে। কিছু কিছু এলাকায় ইতোমধ্যে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। তবে পুরোপুরি স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগবে।’

ওজোপাডিকোর এনার্জি, সিস্টেম কন্ট্রোল অ্যান্ড সার্ভিসেস দপ্তরের প্রধান প্রকৌশলী মো. রোকনউজ্জামান জানান, সংস্থাটি দক্ষিণাঞ্চলের ২১টি জেলায় বিদ্যুৎ সরবরাহ করে। গ্রিডের সমস্যার কারণে সব জেলাতেই কম–বেশি বিদ্যুৎ–বিভ্রাট ঘটেছে।

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) দুজন দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, কারিগরি ত্রুটির কারণে এ সমস্যা তৈরি হয়েছে। গ্রিড বন্ধ হয়ে যাওয়ার পর বড় বড় বিদ্যুৎকেন্দ্র, যেমন পায়রা ও রামপাল কেন্দ্রও বন্ধ হয়ে যায়। ফলে পরে গ্রিড চালু হলেও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে সময় লাগছে।

পিজিসিবির নির্বাহী পরিচালক মো. আব্দুল মোনায়েম চৌধুরী জানান, পুরো গ্রিড ২০ মিনিটের মতো সম্পূর্ণ বন্ধ ছিল। এরপর ধাপে ধাপে গ্রিড চালু করা হচ্ছে এবং বিদ্যুৎকেন্দ্রগুলো এক এক করে সচল হচ্ছে। ইতিমধ্যে পায়রা বিদ্যুৎকেন্দ্র চালু হয়েছে বলেও তিনি জানান।

পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) সদস্য (বিতরণ ও পরিচালন) মো. আব্দুর রহিম মল্লিক জানান, বরিশাল, ঝালকাঠি, ফরিদপুর ও রাজবাড়ী জেলার বিদ্যুৎ পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল। সন্ধ্যার পর থেকে ধীরে ধীরে এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বাড়ানো হচ্ছে।

এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন