ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে বিক্ষোভ, হামলা ও ভাঙচুরের ঘটনার পর ঢাকায় ভারতীয় দূতাবাসের নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।
সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ নূরে আলম বাংলাদেশের খবরকে বাড়তি নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঢাকায় ভারতীয় দূতাবাসের নিরাপত্তা জোরদার করা হয়েছে। ডিএমপির কূটনৈতিক নিরাপত্তা বিভাগ থেকে ভারতীয় দূতাবাসের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি গুলশান বিভাগ ও ট্রাফিক বিভাগও নিরাপত্তায় কাজ করছে। ওই এলাকায় নিয়মিত তল্লাশি চৌকিও রয়েছে।
তিনি আরও বলেন, আমরা কোনো কিছুর আশঙ্কা করছি না। তবে আগরতলার ওই ঘটনার পর স্বাভাবিকভাবেই নিরাপত্তা জোরদার করা হয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন ও চিন্ময় দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশন কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে ‘হিন্দু সংঘর্ষ সমিতি’। তারা কার্যালয়ের সামনে আগুন ধরিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন। এতে পুরো এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে ঘটনাস্থলে যায় পুলিশ ও টিএসআর বাহিনী।
ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, বিক্ষোভকারীদের পক্ষে সমীর দাস নামে একজন বিক্ষোভকারী দাবি করেছেন, বাংলাদেশে হিন্দুরা প্রতিনিয়ত নির্যাতনের শিকার হচ্ছেন। তাছাড়া, বিনা কারণে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়েছে। বাংলাদেশের সনাতনী ধর্মগুরু চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এটা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়।
ডিআর/ওএফ

