অনুমতি ছাড়া হজ পালন না করার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০২ মে ২০২৫, ১২:৩৪
অনুমতি ছাড়া হজ পালন না করতে বাংলাদেশি নাগরিকদের প্রতি অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। বিশেষ করে সৌদি আরবে অবস্থানরত ভিজিট ভিসাধারীদের জন্য এ বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে।
শুক্রবার (২ মে) এক বিজ্ঞপ্তিতে ধর্ম মন্ত্রণালয় জানায়, সুষ্ঠু হজ ব্যবস্থাপনা, হজযাত্রীদের নিরাপত্তা এবং সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বজায় রাখতে অনুমতি ছাড়া হজ থেকে বিরত থাকতে হবে।
চলতি হজ মৌসুমে কেউ যেন ভিজিট ভিসায় মক্কা বা আশপাশের পবিত্র স্থানে অবস্থান না করেন, সে বিষয়েও স্পষ্ট নির্দেশনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
এ ছাড়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হজ বিধিমালা অমান্যকারী ভিজিট ভিসাধারীকে পৃষ্ঠপোষকতা দেওয়া, পরিবহন করা, সংরক্ষিত হজ এলাকায় প্রবেশে সহায়তা করা ও তাদের হোটেল কিংবা বাড়িতে আবাসনের ব্যবস্থা করা থেকে বিরত থাকতেও বাংলাদেশিদের অনুরোধ করা হলো।
এদিকে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অনুমতি ছাড়া হজ পালনের চেষ্টা করলে সর্বোচ্চ ২০ হাজার রিয়াল জরিমানা হবে। কোনো ব্যক্তি এমন কাউকে সহযোগিতা করলে এক লাখ রিয়াল পর্যন্ত জরিমানা এবং যানবাহন বাজেয়াপ্তের বিধান রয়েছে।
বিদেশিদের ক্ষেত্রে অতিরিক্ত সময় অবস্থান বা অনুমতি ছাড়া হজ পালনের চেষ্টা করলে তাকে দেশে ফেরত পাঠিয়ে পরবর্তী ১০ বছর সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হবে। এই বিধান ২৯ এপ্রিল (জিলকদ ১) থেকে ১০ জুন (জিলহজ ১৪) পর্যন্ত বলবৎ থাকবে।
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, হজ ব্যবস্থাপনা একটি দ্বিপক্ষীয় বিষয়। সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। অননুমোদিতভাবে হজ পালনের চেষ্টা দু’দেশের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে।
ধর্ম সচিব একেএম আফতাব হোসেন প্রামানিক বলেন, সুসমন্বিত ব্যবস্থাপনা ছাড়া হজ সফল করা যায় না। হজযাত্রীদের সচেতনতা এবং সৌদি আরবের আইন মেনে চলাই সফল হজ ব্যবস্থাপনার মূল চাবিকাঠি।

