Logo

জাতীয়

২০ লাখ কোরবানির পশু উদ্বৃত্ত থাকবে, চলবে বিশেষ ট্রেন

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৪ মে ২০২৫, ১৮:৪৭

অ
২০ লাখ কোরবানির পশু উদ্বৃত্ত থাকবে, চলবে বিশেষ ট্রেন

আসন্ন ঈদ-উল-আজহায় কোরবানির জন্য দেশে উৎপাদিত পশুই যথেষ্ট—এমনটি জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘এ বছর প্রায় ২০ লাখ গবাদিপশু উদ্বৃত্ত থাকবে। কোরবানির পশু আমদানির প্রয়োজন হবে না।’

রোববার (৪ মে) সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, ‘প্রথমবারের মতো উত্তরবঙ্গ থেকে ঢাকা হয়ে চট্টগ্রাম পর্যন্ত বিশেষ ট্রেনের মাধ্যমে কোরবানির পশু পরিবহন করা হবে। এছাড়া নৌপথেও পশু চলাচল সহজ করতে উদ্যোগ নেওয়া হচ্ছে।’

ফরিদা আখতার বলেন, ‘পশু পরিবহনের সময় ২০১৯ সালের প্রাণী কল্যাণ আইন অনুসরণ বাধ্যতামূলক। এ আইন মেনে চলতে খামারি ও পরিবহন সংশ্লিষ্টদের সচেতন করা হচ্ছে।’

তিনি জানান, স্টেরয়েড ও হরমোন ব্যবহারের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে দেশের বিভিন্ন জেলায় খামারিদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ইতোমধ্যে ৫৩ হাজারের বেশি খামার পরিদর্শন করা হয়েছে। ‘জেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে,’ বলেন তিনি।

গবাদিপশুবাহী ট্রাক ছিনতাই প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপদেষ্টা। ‘প্রাণিসম্পদ অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষে (হটলাইন : ১৬৩৫৮) ফোন করলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে,’ তিনি বলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এ বছর কোরবানিযোগ্য পশুর সংখ্যা ১ কোটি ২৪ লাখ ৪৭ হাজার ৩৩৭টি। এর মধ্যে রয়েছে ৫৬ লাখ গরু-মহিষ, ৬৮ লাখ ছাগল-ভেড়া ও ৫ হাজার অন্যান্য প্রজাতির পশু। চাহিদার বিপরীতে ২০ লাখ ৬৮ হাজার ১৩৫টি গবাদিপশু উদ্বৃত্ত থাকবে বলে আশা করা হচ্ছে।

ডিআর/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

কোরবানির পশু

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন