Logo

জাতীয়

শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবি হেফাজতনেতা নাজমুল কাসেমীর

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৫ মে ২০২৫, ১৮:০৫

অ
শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবি হেফাজতনেতা নাজমুল কাসেমীর

হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির, বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা নাজমুল হাসান কাসেমী বলেছেন, ‘২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের হৃদয়বিদারক গণহত্যা আজও দেশের ঈমানদার জনগণের স্মৃতিতে রক্তাক্ত অধ্যায় হয়ে রয়ে গেছে। সেদিন ইসলামী মূল্যবোধ, ঈমান-আকিদা ও জাতীয় স্বার্থ রক্ষার দাবিতে শান্তিপূর্ণ অবস্থান নেওয়া আলেম-ওলামা, ছাত্র ও তাওহীদি জনতার ওপর বর্বর রাষ্ট্রীয় হামলা চালিয়ে তৎকালীন সরকার ফ্যাসিবাদ ও রাষ্ট্রীয় সন্ত্রাসের নজির স্থাপন করেছিল।’

সোমবার (৫ মে) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, শেখ হাসিনার সরকার পরিকল্পিতভাবে সেদিন রক্তাক্ত অভিযান চালায়। আজও নিহতদের নাম, গুম হওয়া ব্যক্তিদের তালিকা বা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত প্রকাশ করা হয়নি। উল্টো নিরীহ নেতাকর্মীদের বিরুদ্ধে শত শত মিথ্যা মামলা দিয়ে পরিবারগুলোকে বছরের পর বছর ভোগান্তিতে ফেলা হয়েছে।

তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার বিভিন্ন জাতীয় ঘটনার বিচার কার্যক্রম শুরু করলেও শাপলা চত্বরের ভয়াবহ গণহত্যা এখনো উপেক্ষিত। এটি অত্যন্ত দুঃখজনক ও বিচার ব্যবস্থার প্রতি জনগণের আস্থাকে প্রশ্নবিদ্ধ করে।

মাওলানা কাসেমী দাবি করেন, শাপলা গণহত্যার নিরপেক্ষ তদন্ত, দায়ীদের শাস্তি, নিহত ও নিখোঁজদের তালিকা প্রকাশ, ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ এবং সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।

তিনি বলেন, ‘আমরা প্রতিশোধ চাই না, চাই ন্যায়বিচার। শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না।’

ডিআর/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন