Logo

জাতীয়

বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কতা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪, ২২:০৪

অ
বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কতা

সন্ত্রাসী হামলার ঝুঁকি রয়েছে উল্লেখ করে বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশন বাংলাদেশ ভ্রমণবিষয়ক সতর্কতা জারি করে।

ভ্রমণ সতর্কতায় বলা হয়, নির্বিচার সন্ত্রাসী হামলা চালানো হতে পারে। জনাকীর্ণ এলাকা, ধর্মীয় স্থাপনা ও রাজনৈতিক সভা-সমাবেশসহ বিভিন্ন জায়গায় এ হামলা হতে পারে। কিছু গোষ্ঠী এমন ব্যক্তিদের টার্গেট করেছে, যাদের ইসলাম পরিপন্থি জীবনাচরণ ও মতামত রয়েছে। 

হাইকমিশন  বলেছে, মাঝেমধ্যে সংখ্যালঘু ধর্মীয় গোষ্ঠীর বিরুদ্ধে হামলা হয়েছে এবং পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে টার্গেট করা হয়েছে। প্রধান শহরগুলোতে এসব হামলায় বিস্ফোরক ব্যবহার করা হয়েছে। বাংলাদেশি কর্তৃপক্ষ পরিকল্পিত এসব হামলা নস্যাতে কাজ করে যাচ্ছে। স্বল্প সময়ের নোটিশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি বৃদ্ধি এবং চলাচলে বিধিনিষেধ আরোপ করা হতে পারে।

সমাবেশ এড়িয়ে চলার আহ্বান জানিয়ে যুক্তরাজ্যের হাইকমিশন বলেছে, ‘চারপাশ সম্পর্কে আপনাকে সচেতন থাকতে হবে। বিশেষ করে পুলিশের স্থাপনাগুলোর আশপাশে সতর্কতা অবলম্বন করতে হবে। বড় ধরনের সমাবেশ এবং পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি সংবলিত অন্যান্য জায়গা এড়িয়ে চলুন।’

হাইকমিশন আরও বলেছে, দেশজুড়ে শহর ও নগরে বিক্ষোভ ও ধর্মঘটের সময় সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটতে পারে। এসব ঘটনা প্রাণঘাতীও হয়ে উঠতে পারে।

ঢাকা ও অন্যান্য শহরে অপরাধী চক্রের তৎপরতা রয়েছে বলে উল্লেখ করেছে হাইকমিশন। ডাকাতি, সহিংস অপরাধ ও ধর্ষণের ঝুঁকি নিয়েও সতর্ক করেছে তারা।

ডিআর/এমজে/এমএইচএস

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন