Logo

জাতীয়

ঢাকায় সকালেই তাপমাত্রা ২৯.৭ ডিগ্রি

গরমে হাঁসফাঁস জনজীবন

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১১ মে ২০২৫, ০৯:০৩

অ
গরমে হাঁসফাঁস জনজীবন

ছবি : সংগৃহীত

দেশজুড়ে তীব্র গরমে নাকাল হয়ে পড়েছে সাধারণ মানুষ। ভোরের আলো ফুটতেই শুরু হয় অসহনীয় গরম। এ অবস্থায় রোববার (১১ মে) সকাল ৬টায় রাজধানী ঢাকায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৯ শতাংশ।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রোববার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় আকাশ থাকবে পরিষ্কার এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। 

তবে, আজও দিনের আবহাওয়ায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। বরং গতকালের মতো চড়া তাপমাত্রায় দিনভর নাকাল হতে হবে মানুষজনকে।

এর আগে, শনিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় ৪০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। একই দিনে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৭ ডিগ্রি। আজকের সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমে দাঁড়িয়েছে ২৯ দশমিক ৫ ডিগ্রিতে।

গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ দেশের কোথাও বৃষ্টিপাত হয়নি বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে গরমের তীব্রতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এই অবস্থায় চিকিৎসকরা দুপুরের রোদ এড়িয়ে চলা, পর্যাপ্ত পানি পান এবং হালকা খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন। বিশেষ করে শিশু ও বৃদ্ধদের সুরক্ষায় বাড়তি সতর্কতা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন