প্রতিকী ছবি/সংগৃহীত
বায়ুদূষণে বিশ্বের ১২৬ দূষিত শহরের তালিকায় প্রথম স্থানে রয়েছে রাজধানী ঢাকা। বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে আইকিউএয়ারের বাতাসের মানসূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআই) ঢাকার স্কোর ৩৫৪। এ স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে গণ্য করা হয়।
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর (স্কোর ২২৯)। এদিকে ২২২ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে মঙ্গোলিয়ার উলানবাতোর।
একই সময়ে ২০৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে পাকিস্তানের আরেক শহর করাচি। এছাড়া ২০৪ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে ভারতের কলকাতা।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান এয়ার কোয়ালিটি ইনডেক্স (আইকিউএয়ার) এ তালিকা প্রকাশ করে থাকে। প্রতিমুহূর্তের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বায়ু কতটুকু নির্মল বা দূষিত হচ্ছে, সে সম্পর্কে মানুষকে তথ্য দিয়ে থাকে।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ ‘সহনীয় বা মাঝারি’ হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।
১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। আর ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।
বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। এটা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।
ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (ডব্লিউএইচও) অনুসারে, বায়ুদূষণের ফলে স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যানসার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণের কারণে মৃত্যুহার বেড়ে গিয়েছে। এর ফলে বিশ্বব্যাপী প্রতি বছর আনুমানিক ৭০ লাখ মানুষ মারা যায়।
ডিআর/এসবি

