Logo

জাতীয়

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে পাইলট প্রকল্পের অঙ্গীকার বাংলাদেশের

Icon

নিউইয়র্ক প্রতিনিধি

প্রকাশ: ১৫ মে ২০২৫, ০৯:৪৪

অ
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে পাইলট প্রকল্পের অঙ্গীকার বাংলাদেশের

জাতিসংঘ শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের সম্মেলনে বাংলাদেশ নতুন পাইলট প্রকল্পের অঙ্গীকার ঘোষণা করেছে। বুধবার (১৪ মে) বার্লিনে অনুষ্ঠিত সম্মেলনের সমাপনী দিনে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন দেশের পক্ষ থেকে এ ঘোষণা দেন।

বাংলাদেশের অঙ্গীকারে রয়েছে, পুলিশ ইউনিটে ১৫ শতাংশ নারী শান্তিরক্ষী মোতায়েন, কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ক্যাম্প নজরদারি ও প্রতিক্রিয়া ব্যবস্থা চালু এবং বিদ্যমান মিশনগুলোর জন্য ১.৮ মেগাওয়াট সৌর বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা।

বাংলাদেশ প্রতিনিধিদলের উপপ্রধান, প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়নবিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আবদুল হাফিজ এক সমান্তরাল সেশনে অংশ নিয়ে মাঠ পর্যায়ে প্রযুক্তির যথাযথ ব্যবহার এবং শান্তিরক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি শান্তিরক্ষা কার্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহারের পাশাপাশি প্রশিক্ষণের প্রয়োজনীয়তাও উল্লেখ করেন।

সম্মেলনের ফাঁকে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন লাইবেরিয়া, পানামা, এসওয়াতিনি, গিনি, চেক প্রজাতন্ত্র ও কঙ্গো প্রজাতন্ত্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। এছাড়া তিনি আন্তর্জাতিক রেড ক্রস কমিটির মহাপরিচালক ও ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র কর্মপরিষদের উপ-মহাসচিবের সঙ্গেও বৈঠক করেন।

বাংলাদেশের এই অঙ্গীকার জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নারীর অংশগ্রহণ বাড়ানো ও আধুনিক প্রযুক্তি ব্যবহার নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন