Logo

জাতীয়

দেশের ৫ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৫ মে ২০২৫, ১১:৫১

অ
দেশের ৫ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

প্রতীকী ছবি

দেশের পাঁচটি অঞ্চলে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে। এসব এলাকায় নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।

বৃহস্পতিবার (১৫ মে) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, রংপুর, দিনাজপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি বয়ে যেতে পারে।

আবহাওয়ার আরেক পূর্বাভাসে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ দক্ষিণ-পশ্চিম বাংলাদেশ হয়ে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এই পরিস্থিতিতে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-একটি স্থানে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে।

এছাড়া সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

অন্যদিকে ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ ও চাঁদপুর জেলাসহ খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা কিছু কিছু এলাকায় কমে যেতে পারে। 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন