গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য
জাতীয় সংগীতের অনুষ্ঠানে হামলার ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবি
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৫ মে ২০২৫, ১৯:২২
বগুড়ায় উদীচী শিল্পীগোষ্ঠীর আয়োজনে জাতীয় সংগীত পরিবেশনের সময় বাধা ও হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য। সংগঠনটি এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছে।
বৃহস্পতিবার (১৫ মে) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের আহ্বায়ক মফিজুর রহমান লালটু এবং ঐক্যভুক্ত বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শীর্ষ নেতারা বলেন, ‘জাতীয় সংগীত, জাতীয় পতাকা—এসব একাত্তরের মুক্তিযুদ্ধের প্রেরণা ও চেতনার প্রতীক। এসবের অবমাননা কেবল স্বাধীনতাবিরোধী চক্রই করতে পারে।’
বিবৃতিতে নেতারা বলেন, ‘যারা জাতীয় সংগীত পরিবেশনে বাধা দিয়েছে, তারা একই চেতনার ধারক, যারা একাত্তরে পরাজিত হলেও আজও বাংলাদেশের স্বাধীনতাকে মেনে নিতে পারেনি। সে কারণেই তারা জাতীয় প্রতীকের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।’
নেতারা অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে একটি প্রতিক্রিয়াশীল ধর্মীয় গোষ্ঠী নারী বিদ্বেষ, সহিংসতা ও অপমানজনক আচরণকে উসকে দিচ্ছে এবং দেশে একটি পশ্চাৎমুখী অন্ধকার ঘনীভূত করার চেষ্টা চালাচ্ছে।
বিবৃতিতে বলা হয়, ‘এই পশ্চাৎপদ শক্তিকে রুখতে দেশপ্রেমিক, মুক্তচিন্তার মানুষদের ঐক্যবদ্ধ হতে হবে।’ একইসঙ্গে তারা জাতীয় সংগীত পরিবেশনে বাধা ও হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
এমএইচএস

