সন্ধ্যার মধ্যে তিন বিভাগে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৬ মে ২০২৫, ১৪:৩০
দেশের তিন অঞ্চলের ওপর দিয়ে আজ (শুক্রবার) সন্ধ্যার মধ্যে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে । এজন্য সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
শুক্রবার (১৬ মে) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে (পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে) ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি হতে পারে। একই সময়ে বজ্রসহ বৃষ্টি হওয়ারও শঙ্কা রয়েছে।
বৃষ্টি সম্ভাব্য এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে, সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেইসঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়।
অন্যদিকে, নোয়াখালী, ফেণী, পটুয়াখালী, কক্সবাজার, লক্ষ্মীপুর ও বান্দরবান জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

