ছবি : সংগৃহীত
ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিনের ছুটির অংশ হিসেবে আজ শনিবার (১৭ মে) খোলা রয়েছে সরকারি অফিস, ব্যাংক ও শিক্ষাপ্রতিষ্ঠান। ঈদের আগে ঘোষণা করা বিশেষ ছুটির ভারসাম্য আনতেই এই কর্মদিবস নির্ধারণ করেছে সরকার।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, ঈদুল আজহা উপলক্ষে আগামী ১১ ও ১২ জুন (বুধ ও বৃহস্পতিবার) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। সেই ছুটির বিপরীতে ১৭ ও ২৪ মে, এই দুই শনিবার অফিস খোলা থাকবে।
এরই ধারাবাহিকতায় আজ শনিবার খোলা রয়েছে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস। একইসঙ্গে চলবে ব্যাংক ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কার্যক্রম।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, শনিবার ব্যাংকে লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। তবে অফিস কার্যক্রম চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। লেনদেন শেষে ব্যাংকের নিজস্ব প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হবে।
গত ৭ মে উপদেষ্টা পরিষদের সভায় ঈদের নির্বাহী আদেশে ছুটি অনুমোদন করা হয়। এরপর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে ছুটির দিন অফিস খোলা রাখার সিদ্ধান্ত জানানো হয়।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৭ জুন দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন হতে পারে। এর আগে থেকেই ৫ থেকে ১০ জুন পর্যন্ত ছয় দিনের ঈদ ছুটি নির্ধারণ ছিল। পরে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ১১ ও ১২ জুনও ছুটি ঘোষণা করা হয়। ফলে ৫ থেকে ১৪ জুন পর্যন্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা পাচ্ছেন টানা ১০ দিনের ছুটি।
- এটিআর

