Logo

জাতীয়

পঞ্চদশ সংশোধনীর বৈধতা রায় ১৭ ডিসেম্বর

Icon

আদালত প্রতিবেদক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৪, ১৬:০১

অ
পঞ্চদশ সংশোধনীর বৈধতা রায় ১৭ ডিসেম্বর

ছবি : সংগৃহীত

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপ করে আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতা নিয়ে রায় ঘোষণা করা হবে আগামী ১৭ ডিসেম্বর।

বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব ও দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। এর আগে, বুধবার (৪ ডিসেম্বর) রুলের উপর শুনানি সম্পন্ন হয়।

গত ১৩ নভেম্বর সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ হবে না, এ মর্মে জারি করা রুলের শুনানির প্রথমদিনে গণভোটের বিধান বহাল করতে হাইকোর্টের কাছে আবেদন জানান অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

রাষ্ট্রের প্রধান এ আইন কর্মকর্তা বলেন, সংবিধানের ১৪২ অনুচ্ছেদে গণভোটের বিধান ছিল। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এ বিধান তুলে দেওয়া হয়েছিল। নিশিরাতে ভোট ডাকাতির মাধ্যমে যারা জাতীয় সংসদ সদস্য (এমপি) হয়েছিলেন, তাদের ভোটে এ বিধান বাতিল করা হয়। এ বিধানটি বহাল চাই।

শুনানিতে আসাদুজ্জামান বলেন, সংবিধানের ৭(খ) অনুচ্ছেদের মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। সংবিধানের মূলনীতি গণতন্ত্র, সমাজতন্ত্র নয়। আমরা সমাজতন্ত্র বাদ চাচ্ছি। শেখ মুজিবুর রহমানের অবদানকে কেউ অস্বীকার করে না। জাতির পিতা নিয়ে যথেষ্ট বিতর্ক আছে। জাতি বিভক্ত। দেশ স্বাধীন হওয়ার পর তৈরি করা সংবিধানে জাতির পিতা ছিল না। এটি পঞ্চদশ সংশোধনীতে ঢোকানো হয়েছে। জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে। এমন করা হয়েছে যে, তার বিরুদ্ধে কথা বললেই রাষ্ট্রদ্রোহ হবে। তাকে জাতির পিতা বলা সংবিধানের চেতনার পরিপন্থী।

তিনি বলেন, সংবিধানের অনুচ্ছেদ ৬ বাতিল চাচ্ছি। এর মাধ্যমে গণমানুষের মাঝে বিভেদ সৃষ্টি করা হয়েছে। বিশ্বের কোনো দেশে ভাষা দিয়ে জাতিসত্তা নির্ধারণ করা হয় না।

অনুচ্ছেদ ৭ (ক) ও ৭ (খ) বিষয়ে তিনি বলেন, এটা গণতন্ত্রকে ধ্বংসের জন্য করা হয়েছে। স্বৈরশাসনকে দীর্ঘায়িত করার জন্য অসৎ উদ্দেশ্যে এটি করা হয়েছে, যা আইনের শাসনের পরিপন্থী।

অনুচ্ছেদ ৮-এর বিষয়ে বলেন, ধর্মনিরপেক্ষ শব্দটা রাখার দরকার নেই। দেশের ৯০ শতাংশ মানুষ মুসলমান। আগে আল্লাহর প্রতি অবিচল আস্থা ও বিশ্বাসের কথা ছিল। আগে যেভাবে আগে এখন সেভাবে চাচ্ছি। কেননা ২ (ক) তে বলা আছে, সব ধর্ম পালনে রাষ্ট্র সমান অধিকার ও সমমর্যাদা নিশ্চিত করবে।

শুনানিতে অ্যাটর্নি জেনারেল  আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকার বাতিলে বাংলাদেশের মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। মৌলিক অধিকার ধ্বংস করা হয়েছে।

পঞ্চদশ সংশোধনী কেন অসাংবিধানিক হবে না- এ প্রশ্নে বলেন,  পঞ্চদশ সংশোধনীতে রাখা মুক্তিযুদ্ধের চেতনা ৯০-এর গণঅভ্যুত্থান ও ২৪-এর জুলাই বিপ্লবের সঙ্গে সাংঘর্ষিক। এটি বাতিল না হলে আবু সাঈদ, মুগ্ধসহ শহীদদের আত্মা শান্তি পাবে না।

প্রসঙ্গত, সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারসহ পাঁচ বিশিষ্ট ব্যক্তি গত আগস্টে রিট করেছিলেন। রিটে পঞ্চদশ সংশোধনী স্থগিতের নির্দেশনা চাওয়া হয়েছিল। প্রাথমিক শুনানির পর গত ১৯ আগস্ট তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করে হাইকোর্ট।

গত ২০ অক্টোবর জারি করা রুল শুনানিতে তুলতে সংশ্লিষ্ট হাইকোর্ট বেঞ্চে উত্থাপন (ম্যানশন) করে রিট আবেদনকারী পক্ষ।

২৮ অক্টোবর পঞ্চদশ সংশোধনীর বৈধতা প্রশ্নে জারি করা রুল সমর্থন করে তাতে ইন্টারভেনার (সহায়তাকারী) হিসেবে যুক্ত হতে আবেদন করেন বিএনপি মহাসচিব। ওই দিনই তার আবেদনটি মঞ্জুর করেন আদালত।

এর আগে গত ২২ অক্টোবর একই আবেদন করে রুলে যুক্ত হন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এছাড়া এতে আবেদন করে আরও যুক্ত হয়েছেন নিবন্ধিত রাজনৈতিক দল ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত।

উল্লেখ্য, ২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে পঞ্চদশ সংশোধনী পাস হয়। এই সংশোধনীর মাধ্যমে শেখ মুজিবুর রহমানকে জাতির জনক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এই সংশোধনীর দ্বারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়। এছাড়া, জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা ৪৫ এর স্থলে ৫০ করা হয়।

এম এ জলিল উজ্জ্বল/এটিআর

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন