Logo

জাতীয়

জামায়াতের সঙ্গে বৈঠকে আলী রীয়াজ

ঐকমত্য প্রতিষ্ঠা সব রাজনৈতিক-সামাজিক শক্তিরও দায়িত্ব

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৮ মে ২০২৫, ১২:৩৪

অ
ঐকমত্য প্রতিষ্ঠা সব রাজনৈতিক-সামাজিক শক্তিরও দায়িত্ব

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার কাজ কেবলমাত্র কমিশনের একক দায়িত্ব নয়, এটি দেশের সব রাজনৈতিক দল, সিভিল সোসাইটি এবং অন্যান্য সামাজিক শক্তিগুলোরও দায়িত্ব।

রোববার (১৮ মে) সকাল সাড়ে ১০টায় রাজধানীতে জামায়াতে ইসলামীর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় প্রারম্ভিক বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, অনেক বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমাদের আলোচনা হয়েছে এবং অনেক ক্ষেত্রেই ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়েছে। আবার কিছু বিষয়ে দ্বিমত রয়ে গেছে। জামায়াতে ইসলামী পক্ষ থেকেও কিছু বিষয়ের পুনর্বিবেচনার প্রস্তাব এসেছে, যেগুলোর ক্ষেত্রে আলোচনার সুযোগ এখনো রয়েছে।

আলী রীয়াজ বলেন, আলোচনায় যারা প্রতিনিধিত্ব করেন, তাদের অনেক সময় দলীয় নীতিনির্ধারকদের কাছে ফিরে যেতে হয়। কারণ, আলোচনার টেবিলে এমন অনেক বিষয় উঠে আসে যা তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নেওয়ার মতো নয়। আমরা সেই প্রক্রিয়াকে গুরুত্ব দিয়েই এগোচ্ছি।

তিনি আরও বলেন, আজকের আলোচনায় সব বিষয়ে সমাধান সম্ভব নয়। তবে আমরা চাই, আগামী এক-দুই দিনের মধ্যে প্রাথমিক বিষয়গুলো চূড়ান্ত করে দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু করা হোক। আমাদের লক্ষ্য একটি জাতীয় সনদ প্রণয়ন।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন