Logo

জাতীয়

প্রবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তিতে ইসির পরিকল্পনা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৯ মে ২০২৫, ১৫:০৬

অ
প্রবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তিতে ইসির পরিকল্পনা

প্রবাসীদের ভোটার হিসাবে যুক্ত করতে কর্মপরিধি বাড়িয়েছে নির্বাচন কমিশন। এতে বাড়তে শুরু করেছে প্রবাসী ভোটারের সংখ্যা। প্রবাসী ভোটারদের ভোটে যুক্ত করতে ৪০টি দেশ নিয়ে ইসির পরিকল্পনার মধ্যে বর্তমানে ৯টি দেশে এনআইডি কার্যক্রম চলছে। এর মধ্যে সাতটি দেশে দূতাবাসের মাধ্যমে ১৯ হাজার ২৮৬ জন প্রবাসীকে ভোটার করেছে নির্বাচন কমিশন।

এদিকে নতুন করে আগামী ডিসেম্বরের মধ্যে আরও ১০ থেকে ১২টি দেশে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) কার্যক্রম চালু হবে বলে জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর। তবে কোন কোন দেশে এনআইডি কার্যক্রম চালু করা হবে এ বিষয়ে তিনি মন্তব্য করেননি।

তিনি বলেন, আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছি। তারা দূতাবাসে চিঠি দিবে, সেখান থেকে ক্লিয়ারেন্স পেলে আমরা কাজ শুরু করতে পারি। ৩১ দেশ থেকে আমরা এখনো ক্লিয়ারেন্স পাইনি। তবে আমরা যোগাযোগ করছি। জনবল, অফিস স্পেসের জন্য অনেকে এই ক্লিয়ারেন্স দিচ্ছেন না। আশা করছি ডিসেম্বরের মধ্যে ১০ থেকে ১২ দেশে নিবন্ধন প্রক্রিয়া চালু করা সম্ভব হবে। আমরা সেভাবেই কাজ করে যাচ্ছি।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত ৯ দেশের ১৬ স্টেশনে চালু করা হয়েছে জাতীয় পরিচয় নিবন্ধন প্রক্রিয়া। কোনো দেশে একটি, কোনো দেশে একের অধিক নিবন্ধন স্টেশন চালু করা হয়েছে।

কোন দেশে কত জন প্রবাসী ভোটার অনুমোদন পেল?
এনআইডি অনুবিভাগের তথ্য মতে এখন পর্যন্ত সাতটি দেশ থেকে এ পর্যন্ত মোট আবেদন করেছেন ৪৫ হাজার ১৮৪ জন প্রবাসী। এদের মধ্যে আঙুলের ছাপ দিয়ে নিবন্ধন সম্পন্ন করেছেন ২৮ হাজার ৯২৬ জন। তদন্তে বাতিল হয়েছে ৩ হাজার ৫৬৩টি আবেদন। বিভিন্ন উপজেলায় তদন্তাধীন রয়েছে ২১ হাজার ৮৮৯টি আবেদন।  

সংযুক্ত আরব আমিরাতে ১৯ হাজার ১৯৭টি আবেদনের বিপরীতে অনুমোদন দেয়া হয়েছে ১০ হাজার ৬২৭টি। সৌদি আরবে ৩ হাজার ৫৫৪টি আবেদনের বিপরীতে অনুমোদন ১ হাজার ৭৪টি।

যুক্তরাজ্যে ৮ হাজার ৫২৯টি আবেদনের বিপরীতে অনুমোদন ৩ হাজার ৯৯টি। ইতালিতে ৬ হাজার ৩৭২টি আবেদনের বিপরীতে অনুমোদন ১ হাজার ৮৪৪টি। কুয়েতে ৩ হাজার ৮৭২টি আবেদনের বিপরীতে অনুমোদন ১ হাজার ৩৮টি। কাতারে ২ হাজার ৮৩২টি আবেদনের বিপরীতে অনুমোদন ৯৪৪টি ও মালয়েশিয়ায় ৯৪৮টি আবেদনের বিপরীতে অনুমোদন ২৬০টি আবেদন অনুমোদন করা হয়েছে। এছাড়াও সম্প্রতি অস্ট্রেলিয়া ও কানাডায় এ কার্যক্রম উদ্বোধন হয়েছে, যেখান থেকে আসা আবেদনের তথ্য এখনো একীভূত করা হয়নি।

উল্লেখ্য, ২০১৯ সালে তৎকালীন কমিশন প্রবাসে এনআইডি সরবরাহের উদ্যোগ নেয়। একই বছর ১৮ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতে এবং ৫ নভেম্বর মালয়েশিয়ায় এ কার্যক্রম শুরু হয়। ২০২০ সালে যুক্তরাজ্য, সৌদি আরব, সিঙ্গাপুর ও মালদ্বীপেও এ কার্যক্রম সম্প্রসারিত হয়।কিন্তু নানামুখী জটিলতায় তখন ইসির এনআইডি পরিকল্পনা বেশিদূর যায়নি।তারপর ২০২২ সালের তৎকালীন কমিশন আবারও প্রবাসে এনআইডি সরবরাহের কাজ শুরু করে যা বর্তমান কমিশন আরও সম্প্রসারিত করেছে।

এসআইবি/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন