Logo

জাতীয়

সৌদি পৌঁছেছেন ৫১ হাজার ২৭৮ হজযাত্রী, আরও একজনের মৃত্যু

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২০ মে ২০২৫, ০৮:৩৪

অ
সৌদি পৌঁছেছেন ৫১ হাজার ২৭৮ হজযাত্রী, আরও একজনের মৃত্যু

চলতি মৌসুমের হজ আদায় করতে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫১ হাজার ২৭৮ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।

সোমবার দিবাগত রাত (২০ মে) ৩টা পর্যন্ত তিনটি এয়ারলাইন্সের ১৩০টি ফ্লাইটে তারা সৌদি পৌঁছান। হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বাংলাদেশ হজ অফিস সূত্রে জানা গেছে, এ পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইটের সংখ্যা ৬৫টি। এ ছাড়া সৌদি এয়ারলাইন্স পরিচালনা করেছে ৪৪টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ২১টি।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন অনুষ্ঠিত হতে পারে হজ। এবারের হজযাত্রীদের সৌদি যাত্রা শুরু হয় গত ২৯ এপ্রিল, যা চলবে আগামী ৩১ মে পর্যন্ত।

ধর্ম মন্ত্রণালয়ের তথ্যমতে, এ বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজে যাচ্ছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় রয়েছেন ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন।

এদিকে, হজে গিয়ে এখন পর্যন্ত ৯জন হজযাত্রী মৃত্যুবরণ করেছেন। তারা হলেন, জামালপুর বকশীগঞ্জের হাফেজ উদ্দিন (৭৩), রাজবাড়ীর খলিলুর রহমান, কিশোরগঞ্জের মো. ফরিদুজ্জামান, পঞ্চগড়ের আল হামিদা বানু, ঢাকার মোহাম্মদপুরের মো. শাহজাহান কবীর, নীলফামারির ফয়েজ উদ্দীন (৭২), চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার অহিদুর রহমান (৭২), গাজীপুর সদরের জয়নাল হোসেন (৬০) ও চাঁদপুর মতলবের আব্দুল হান্নান মোল্লা (৬৩)।

উল্লেখ্য, হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন এবং শেষ হবে ১০ জুলাই।

  • এটিআর
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন