উড্ডয়নের পরপরই তার্কিশ এয়ারলাইন্সে আগুন, বেঁচে ফিরলেন ২৯০ যাত্রী
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২০ মে ২০২৫, ০৯:৩৪
আপডেট: ২০ মে ২০২৫, ১৩:১৫
প্রতীকী ছবি
রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই তার্কিশ এয়ারলাইন্সের একটি প্লেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ড ঘটে। মঙ্গলবার (২০ মে) সকাল ৭টার এ ঘটনায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন ২৯০ জন যাত্রী।
বাংলাদেশের খবরকে এ তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ।
তিনি বলেন, উড্ডয়নের পরপরই বিমানের ইঞ্জিনে আগুন ধরে যায়। পাইলট তাৎক্ষণিকভাবে পরিস্থিতি বুঝে প্লেনটি জরুরি অবতরণ করাতে সক্ষম হন, ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
জানা গেছে, তার্কিশ এয়ারলাইন্সের টিকে-৭১৩ ফ্লাইটটি (এয়ারবাস এ৩৩০-৩০৩) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল ৭টার দিকে ২৯০ জন যাত্রী নিয়ে তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশে উড়াল দেয়। উড্ডয়নের ১৫ মিনিটের মাথায় পাইলট বিমানের একটি ইঞ্জিনে (দুটি ইঞ্জিন থাকে) স্পার্ক দেখতে পান। তাৎক্ষণিক তিনি প্লেনটি অবতরণের সিদ্ধান্ত নেন।
এ অবস্থায় প্রায় দেড় ঘণ্টা আকাশে চক্কর দিয়ে তেল পুড়িয়ে সোয়া ৮টার দিকে বিমানটি জরুরি অবতরণ করে।
এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
- এনএমএম/এটিআর

