Logo

জাতীয়

ভারত বাংলাদেশের সঙ্গে নতুন সম্পর্কের সেতু গড়তে পারত : ফারুকী

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৪, ০৯:০৯

অ
ভারত বাংলাদেশের সঙ্গে নতুন সম্পর্কের সেতু গড়তে পারত : ফারুকী

ছবি : সংগৃহীত

গেল আগস্টে শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে বাংলাদেশ-ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে ফাটল ধরেছে। সম্প্রতি বাংলাদেশ সম্পর্কে ভারত তাদের হিংসাত্মক অবয়ব দেখাচ্ছে বেশ জোরেশোরে। এর প্রেক্ষিতেই এবার দুই দেশের বৈরিতা নিয়ে মুখ খুলেছেন জনপ্রিয় নির্মাতা ও অন্তর্বর্তী সরকারের সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী।

তিনি বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের এই বাস্তবতা ভারতকে মেনে নিতেই হবে। শুধু তাই নয়, ভারত চাইলেই নতুন করে বাংলাদেশের সঙ্গে সেতুবন্ধন গড়তে পারত; অথচ তারা হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশিদের আঘাত করেছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে এমনটিই জানালেন ফারুকী। তিনি লিখেন, ‘হাসিনার অধ্যায় শেষ হওয়ার বাস্তবতা মেনে নেওয়ার সময় এসেছে ভারতের। বাংলাদেশের মানুষ সেই অধ্যায় চিরতরে বন্ধ করে দিয়েছে। ভারতীয় বন্ধুদের বোঝা উচিত যে গণহত্যার দায়ে অভিযুক্ত একজন খুনিকে আতিথ্য করা বাংলাদেশি জনগণের অনুভূতিতে আঘাতের শামিল।’



উপদেষ্টা লিখেন, ‘এমনকি ভারতীয় সংবাদমাধ্যমগুলো যত সব বিভ্রান্তিমূলক প্রচারে হুমড়ি খেয়ে পড়ে। অথচ এমন পরিস্থিতিতে বাংলাদেশের সাথে একটি নতুন সম্পর্কের সেতু গড়তে পারত ভারত; যেটি বুদ্ধিদীপ্তের পরিচয় হতো।’

স্বনামধন্য আন্তর্জাতিক গণমাধ্যমগুলো ভারতীয় মিডিয়ার ভুয়া খবর নজরে এনেছে উল্লেখ করে ফারুকী লিখেন ‘ বাংলাদেশের সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে বাংলাদেশ সরকার খুব ভাবছে। আগের সরকারের তুলনায় বাংলাদেশে সংখ্যালঘু সংক্রান্ত ঘটনার সংখ্যা প্রকৃতপক্ষে কমে গেছে। আমরা আন্তরিকভাবে সমস্ত শীর্ষ আন্তর্জাতিক সংবাদ প্ল্যাটফর্মের সাংবাদিকদের স্বাগত জানাই দেশের বাস্তব চিত্র তুলে ধরার জন্য। ইতোমধ্যে বিবিসি, আল জাজিরার মতো স্বনামধন্য গণমাধ্যমগুলো ভারতীয় মিডিয়ার ভুয়া খবরগুলোও নজরে এনেছে।’

সবশেষ ফারুকী লিখেন, ‘ভারতীয় বন্ধুদের মনে রাখা দরকার যে তারা এমন একজনকে আশ্রয় দিয়েছে, যিনি ছিলেন একজন অত্যাচারী। যিনি টানা তিনটি নির্বাচনে ভোটের অধিকার ছিনতাই করেছে, ২৩৪ বিলিয়ন ডলার পাচার করেছেন, তার মতের বাইরে যাওয়া হাজারও মানুষকে হত্যা করেছে। গত জুলাইতেই যার সংখ্যা ছিল দেড় হাজার। আরও অসংখ্য মানুষকে গুম করা হয়েছে, যারা এখনও ফিরে আসেনি। তাহলে ভারত কেন আশা করে, আমরা তাকে (হাসিনাকে) ভালোবাসব। ভারতীয়রা কি আশা করে যে জার্মানরা হিটলারকে ভালোবাসবে?’

ডিআর/এটিআর

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন