পবিত্র ঈদুল আজহা সামনে রেখে আজ মঙ্গলবার (২১ মে) থেকে শুরু হচ্ছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। বাংলাদেশ রেলওয়ে আগামী ৭ জুনকে ঈদের দিন ধরে সাত দিনের অগ্রিম টিকিট বিক্রির এই সিদ্ধান্ত নিয়েছে। প্রতিবারের মতো এবারও ঈদযাত্রা নির্বিঘ্ন করতে রেল কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থায় এই টিকিট বিক্রি কার্যক্রম চালু করেছে।
রেলওয়ে সূত্র জানায়, ঘরমুখো মানুষের সুবিধার্থে এবার শতভাগ আসন অনলাইনে বিক্রি করা হবে। যাত্রীরা ‘রেলসেবা’ অ্যাপ এবং [eticket.railway.gov.bd](http://eticket.railway.gov.bd) ওয়েবসাইটের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে পারবেন।
কোন দিনের টিকিট কবে মিলবে
ঈদের আগে আন্তনগর ট্রেনের ৩১ মের টিকিট বিক্রি হবে আজ ২১ মে। আগামী ১ জুনের টিকিট বিক্রি হবে ২২ মে, ২ জুনের টিকিট বিক্রি হবে ২৩ মে, ৩ জুনের টিকিট বিক্রি হবে ২৪ মে, ৪ জুনের টিকিট বিক্রি হবে ২৫ মে, ৫ জুনের টিকিট বিক্রি হবে ২৬ মে এবং ৬ জুনের টিকিট বিক্রি হবে ২৭ মে।
টিকিট বিক্রির ক্ষেত্রে অঞ্চলভেদে সময় নির্ধারণ করেছে রেল কর্তৃপক্ষ। পশ্চিমাঞ্চলের আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে সকাল ৮টায়, আর পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি হবে বেলা ২টা থেকে।
রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, ঈদযাত্রা শুরু হবে ৩১ মে থেকে। সেই অনুযায়ী ১০ দিন আগেই টিকিট বিক্রি শুরু হচ্ছে।
গত ১২ মে রাজধানীর বিদ্যুৎ ভবনে অনুষ্ঠিত অংশীজন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, স্থানীয় সরকার ও যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন, স্বরাষ্ট্রবিষয়ক বিশেষ সহকারী খোদা বখশ চৌধুরী, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. এহছানুল হক, সেতুসচিব মোহাম্মদ আবদুর রউফ প্রমুখ।
- ডিআর/এটিআর

