পবিত্র ঈদুল আজহা সামনে রেখে ঘরমুখো মানুষের জন্য আজ (শুক্রবার, ২৩ মে) শুরু হয়েছে ঈদের তৃতীয় দিনের (২ জুন) অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি।
বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, আগামী ৭ জুনকে সম্ভাব্য ঈদের দিন ধরে অগ্রিম টিকিট বিক্রির সময়সূচি নির্ধারণ করা হয়েছে। এ বছর বিশেষ ব্যবস্থায় শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে।
রেলওয়ের তথ্য অনুযায়ী, আজ (২৩ মে) সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনের এবং দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট অনলাইনে সংগ্রহ করা যাবে।
এবার শুধু ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়া আন্তঃনগর ট্রেনের জন্য মোট আসন সংখ্যা নির্ধারণ করা হয়েছে ৩৩ হাজার ৩১৫টি।
বাংলাদেশ রেলওয়ের ঈদ সংক্রান্ত কর্মপরিকল্পনায় জানানো হয়েছে, ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ৩১ মে’র আসন বিক্রি হয়েছে গত ২১ মে, ১ জুনের আসন বিক্রি হয়েছে ২২ মে, ২ জুনের আসন বিক্রি হচ্ছে আজ, ৩ জুনের আসন বিক্রি হবে ২৪ মে, ৪ জুনের আসন বিক্রি হবে ২৫ মে, ৫ জুনের আসন বিক্রি হবে ২৬ মে এবং ৬ জুনের আসন বিক্রি হবে ২৭ মে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের সময়ে ঘরমুখো যাত্রীরা যেন নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারেন, সে লক্ষ্যেই এবারের পরিকল্পনা নেওয়া হয়েছে। টিকিট সংগ্রহে যাত্রীদের দেরি না করতে অনুরোধ করেছে কর্তৃপক্ষ।
- এটিআর

