Logo

জাতীয়

সচিবালয়ে আজ তালা ঝোলানো কর্মসূচি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৬ মে ২০২৫, ০৮:৪২

অ
সচিবালয়ে আজ তালা ঝোলানো কর্মসূচি

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ-২০২৫ বাতিলের দাবিতে রোববার দিনভর বিক্ষোভ করেছেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। দাবি আদায় না হলে আজ সোমবার (২৬ মে) সচিবালয়ে তালা ঝুলিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

এর আগে, গত বৃহস্পতিবার সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া অনুমোদন দেওয়া হয়। কর্মচারীরা এই অনুমোদিত খসড়াকে ‘নিবর্তনমূলক ও কালাকানুন’ আখ্যায়িত করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। প্রত্যাহার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন তারা।

এরই প্রেক্ষিতে রোববার  (২৫ মে) সকাল থেকেই সচিবালয়ের বিভিন্ন দপ্তরের শতশত কর্মচারী কাজ ছেড়ে মিছিলে অংশ নেন। তারা সচিবালয়ের ভেতর ঘুরে ঘুরে বিক্ষোভ করেন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে সমাবেশ করেন।

এরপর প্রতিনিধি দল স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে দেখা করে আইন বাতিলের দাবি তুলে ধরেন। পরে তারা গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খানের দপ্তরেও যান। উপদেষ্টা না থাকায় তারা কিছুক্ষণ অবস্থান করেন।

আন্দোলনকারীরা বলেন, নতুন আইনটি ১৯৭৯ সালের কালো আইনের মতো। এতে কর্মচারীদের শাস্তির বিধান আরও কঠিন করা হয়েছে।

এদিকে, রোববার সন্ধ্যায় সরকার সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ-২০২৫-এর গেজেট প্রকাশ করে। গেজেটে বলা হয়, আইনটি অবিলম্বে কার্যকর হবে। এতে চাকরিতে শৃঙ্খলা ভঙ্গ, অনুপস্থিতি বা অন্যদের উসকানি দেওয়ার জন্য শাস্তির বিধান রাখা হয়েছে। শাস্তির মধ্যে রয়েছে বরখাস্ত, অব্যাহতি এবং পদাবনতি বা বেতন কর্তন। এই গেজেট প্রকাশের পর কর্মচারীদের মধ্যে ক্ষোভ আরও বেড়ে যায়। তারা সচিবালয়ের প্রধান ফটকে অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যান।

বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের নেতারা জানান, দাবি আদায় না হলে সোমবার সকাল থেকে সচিবালয়ের ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হবে।

পরিষদের সভাপতি মো. বাদিউল কবীর বলেন, আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি। কিন্তু সরকার যদি গেজেট প্রত্যাহার না করে, তাহলে বাধ্য হয়ে আরও কঠোর কর্মসূচি দিতে হবে।

অন্যদিকে, সরকারি কর্মচারীদের দাবি-দাওয়া পর্যালোচনার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় একটি কমিটি গঠন করেছে। রোববার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

কমিটির প্রধান করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে। সদস্য হিসেবে আরও রয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগ, অর্থ বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও লেজিসলেটিভ বিভাগসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

কমিটি প্রতি মাসে একবার বৈঠক করবে এবং প্রয়োজনে কর্মচারীদের সঙ্গেও মতবিনিময় করতে পারবে।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন