ঢাকার জলাধার পুনরুদ্ধারে আন্তর্জাতিক সহায়তা চাইল বাংলাদেশ
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৪, ০০:৩৭
ঢাকার নদী, খাল এবং জলাধার পুনরুদ্ধারে আন্তর্জাতিক সহায়তা চেয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফাহরিনা আহমেদ। রিয়াদে অনুষ্ঠিত জাতিসংঘের মরুভূমি ও ভূমিক্ষয় প্রতিরোধ কনভেনশনের (ইউএনসিসিডি) ১৬তম কনফারেন্স অব পার্টিজের (কপ১৬) ফাঁকে আইইউসিএনের গ্লোবাল ওয়াটার প্রোগ্রামের পরিচালক ড. জেমস ডালটনের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।
ড. ফাহরিনা বলেন, ‘ঢাকার নগর পানি ব্যবস্থাপনা একসময় শহরের প্রাণ ছিল। কিন্তু দূষণ, দখল এবং জলবায়ু পরিবর্তনের কারণে এটি ব্যাপক হুমকির মুখে পড়েছে। এসব জলাধার পুনরুদ্ধারে আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য।’
বৈঠকে আইইউসিএনের পরিচালক ড. ডালটন বাংলাদেশকে ফ্রেশওয়াটার চ্যালেঞ্জ পার্টনারশিপ প্রোগ্রামে যোগদানের আহ্বান জানান। এই উদ্যোগে ৪৭টি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন অংশ নিয়েছে। ২০৩০ সালের মধ্যে ৩ লাখ কিলোমিটার নদী এবং ৩৫ কোটি হেক্টর জলাভূমি পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে কাজ করছে এই প্রোগ্রাম।
ড. ডালটন বলেন, ‘বাংলাদেশের পানি সম্পদ পুনরুদ্ধারের লক্ষ্য জাতিসংঘের ইকোসিস্টেম পুনরুদ্ধার দশক (২০২১-২০৩০) এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ফ্রেশওয়াটার চ্যালেঞ্জে অংশগ্রহণ এ লক্ষ্য অর্জনে সহায়ক হবে।’

এর আগে, একই দিনে টেকসই কৃষি-খাদ্য ব্যবস্থাপনা বিষয়ক একটি উচ্চ পর্যায়ের আলোচনায় অংশ নেন ড. ফাহরিনা। তিনি বলেন, ‘খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমি, পানি এবং জীববৈচিত্র্যের সংরক্ষণকে কৃষি পরিকল্পনার অংশ করা জরুরি।’
বাংলাদেশ প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুল হামিদ, অতিরিক্ত মহাপরিচালক (চলতি দায়িত্ব) ড. মো. সোহরাব আলী এবং উপসচিব (পরিবেশ-১) রুবিনা ফেরদৌসী।
এইচকে/ওএফ

