ইশরাকের শপথ : আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় সরকার
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৭ মে ২০২৫, ১১:৫৩
ইশরাক হোসেনের শপথ পাঠের ক্ষেত্রে সরকার আদালতের রায়ের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছে স্থানীয় সরকার বিভাগ। মঙ্গলবার (২৭ মে) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ‘আজ বাংলাদেশ সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের আইন অধিশাখা থেকে জানানো হয়েছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে ইশরাক হোসেনের শপথ পড়ানোর বিষয়ে ২২ মে হাই কোর্টে দায়ের করা রিট খারিজ হয়। এরপর স্থানীয় সরকার বিভাগ শপথ পড়ানোর প্রস্তুতি নিয়েছিল।’
‘এ অবস্থায় গত ২৫ মে মেয়র হিসেবে শপথ নিতে ইশরাক হোসেন নিজে তার আইনজীবীর মাধ্যমে হাই কোর্টে একটি রিট করেন। এছাড়া ২২ মে রিট খারিজের আদেশের বিরুদ্ধে ২৬ মে একজন নাগরিকের পক্ষে আপিল বিভাগে লিভ টু আপিল দাখিল করা হয়। এর ফলে সর্বোচ্চ আদালতে এটি একটি বিচারাধীন বিষয়ে পরিণত হয়েছে। বর্তমানে তাই স্থানীয় সরকার বিভাগ ইশরাক হোসেনের শপথ পাঠের ক্ষেত্রে আদালতের রায়ের অপেক্ষমাণ রয়েছে।’
- এসআইবি/এটিআর

