জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন প্রধান উপদেষ্টা
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৭ জুন ২০২৫, ০৯:২৬
রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে আজ শনিবার (৭ জুন) সকাল সাড়ে ৭টায় পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতে নামাজ আদায় করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তার সঙ্গে এই জামাতে অংশ নেন প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ, উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ঢাকায় নিযুক্ত বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকরা।
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব ও দেশের খ্যাতনামা ইসলামি চিন্তাবিদ মুফতি মোহাম্মদ আবদুল মালেক জামাতে ইমামতি করেন। খুতবা শেষে তিনি দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন।
মোনাজাতে মুসলিম উম্মাহর ঐক্য, মানবিক সমাজ প্রতিষ্ঠা এবং সংকটমুক্ত ভবিষ্যতের প্রত্যাশা ব্যক্ত করা হয়। দেশবাসীর মাঝে সৌহার্দ্য, সহমর্মিতা ও আত্মত্যাগের চেতনা জাগ্রত হোক—এই আহ্বানই উঠে আসে হাজারো মুসল্লির কণ্ঠে।
প্রায় ৩৫ হাজার মুসল্লির অংশগ্রহণে আয়োজিত এই জামাতে প্রশাসনের কঠোর নিরাপত্তা ও সুশৃঙ্খল ব্যবস্থাপনা নিশ্চিত করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। নামাজ শেষে মুসল্লিরা কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন একে অপরের সঙ্গে।
ডিআর/এমএইচএস

