ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি। সোমবার (৯ ডিসেম্বর) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে অবতরণ করেন তিনি।
আওয়ামী লীগ সরকারের পতনের পর ঢাকায় বাংলাদেশ ও ভারতের মধ্যে উচ্চপর্যায়ের কর্মকর্তাদের এটিই প্রথম বৈঠক হচ্ছে।
সূচি অনুযায়ী, সফরের শুরুতেই বেলা ১১টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সাথে বৈঠকে যোগ দেবেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি।
সেই বৈঠকে দিল্লিতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাওয়া, তার রাজনৈতিক বক্তব্য বন্ধ করা, তিস্তার পানিবণ্টন, সীমান্ত হত্যা বন্ধ ও ভিসা কার্যক্রম স্বাভাবিক করার বিষয়ে জোর দেবে ঢাকা।
এই বৈঠক শেষে প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বিক্রম মিশ্রি। এরপর আজ রাতেই ঢাকা ছেড়ে যাবেন বিক্রম মিশ্রি।
এমবি/ওএফ

