Logo

জাতীয়

পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন নিয়ে ভাবতে হবে : সুপ্রদীপ চাকমা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ১৫:৩০

অ
পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন নিয়ে ভাবতে হবে : সুপ্রদীপ চাকমা

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, ‘পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন কীভাবে হবে, তা নিয়ে ভাবতে হবে। পার্বত্য চট্টগ্রামের শিক্ষার্থীদের জন্য শিক্ষা পদ্ধতির মান উন্নয়ন, লাইভলিহুড ডেভেলপমেন্ট, দারিদ্র্য দূরীকরণ, পরিবেশের ভারসাম্য রক্ষা করে উন্নয়ন, পানির সমস্যা দূর করার মতো চ্যালেঞ্জগুলো নিতে হবে।’

মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাজধানীর বেইলী রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স সেমিনার হলে ‘পার্বত্য জেলা পরিষদ ব্যবস্থাপনা’ বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির  বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের এম্পাওয়ারমেন্ট হওয়া দরকার। মানুষের কল্যাণে কাজ করতে হবে। কর্ম অনুযায়ী আপনারা নির্বাচিত হয়েছেন। জেলা পরিষদের সার্বিক উন্নয়ন আপনাদের হাতে। আপনারা জানেন, কোথায় কীভাবে কাজ করলে এই সমাজে উন্নতি হবে। সঠিক কাজটি বিধিসম্মতভাবে আপনাদের করতে হবে। 

চেয়ারম্যান ও সদস্যদের সুসংহত হতে হবে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘সরকারের  হ্যান্ডওভারকৃত প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম পরিচালনার জন্য এই তিনদিনের প্রশিক্ষণের মাধ্যমে পার্বত্য তিন জেলার জন্য প্রযোজ্য বিভিন্ন আইন, টেকসই উন্নয়ন, জেলার উন্নয়ন কৌশল এবং পার্বত্য জেলা পরিষদ ব্যবস্থাপনার দিক নির্দেশনা সম্পর্কে ধারণা পাবেন আপনারা। হয়তোবা টিআর, জিআর ডিস্ট্রিবিউশন প্রক্রিয়া সম্পর্কে জানতে হবে।’ 

এই উপদেষ্টা বলেন, ‘রাষ্ট্রীয় আইন কানুনগুলো ভালোভাবে অবহিত হয়ে কর্মকান্ড পরিচালনা করতে হবে।’

অনুষ্ঠান সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এ কে এম শামিমুল হক ছিদ্দিকী। 

বক্তব্য দেন, উপ-জাতীয় শরণার্থী বিষয়ক টাস্ক ফোর্স চেয়ারম্যান সুদত্ত চাকমা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. জাহাঙ্গীর আলম, অতিরিক্ত সচিব মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত সচিব প্রদীপ কুমার মহোত্তম, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য গৌতম চাকমা, খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা, রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কাজল ত্রিপুরা, বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান থানজামাল লুসাই প্রমুখ। 

ডিআর/এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন