বিচার বিভাগ সংস্কারে বিচারকদের মতামত চায় কমিশন
আদালত প্রতিবেদক
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪, ১৬:২৯
বিচার বিভাগ সংস্কারের লক্ষ্যে নিম্ন আদালতের বিচারকদের মতামত জানতে চেয়েছে সংস্কার কমিশন।
সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট বিচারকদের আগামীকাল ১২ ডিসেম্বরের মধ্যে মতামত দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিচার বিভাগকে স্বাধীন, নিরপেক্ষ ও কার্যকর করতে অন্তর্বর্তীকালীন সরকার ‘বিচার বিভাগ সংস্কার কমিশন’ গঠন করেছে। বিচার বিভাগের প্রয়োজনীয় সংস্কারের বিষয়ে অংশীজনদের মতামত সংগ্রহের লক্ষ্যে ওই কমিশন ইতোমধ্যে একটি ওয়েবসাইটও চালু করেছে।
ওয়েবসাইটে বিভিন্ন প্রশ্ন সন্নিবেশ করা হয়েছে। সংশ্লিষ্ট বিচার বিভাগীয় কর্মকর্তাদের জন্য (জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট) প্রযোজ্য প্রশ্নমালার উত্তর পূরণ করে মতামত দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এ ছাড়াও বিচার বিভাগ সংস্কারে সুনির্দিষ্ট কোনো প্রস্তাব থাকলে তার মুদ্রিত অনুলিপি কমিশনের ঠিকানায় পাঠানোর জন্য বলা হয়েছে।
কমিশনের ওই ওয়েবসাইটে ‘আপনি কেমন বিচার ব্যবস্থা চান, আদালতের নথিপত্র, আদেশ, রায় কোন ভাষায় হলে বিচারপ্রার্থীদের জন্য অনুকূল। মিথ্যা বা হয়রানিমূলক মামলা বন্ধে কী করা উচিত। প্রভাবমুক্ত থেকে বিচার, নির্বাহী বিভাগের অযাচিত হস্তক্ষেপ, বিচারকদের প্রশিক্ষণ, আধুনিক তথা ডিজিটাল বিচার ব্যবস্থা, বিচারক নিয়োগ,অপসারণ, পদোন্নতি, বদলিপ্রক্রিয়া, আবাসন, পরিবহন, নিরাপত্তা, বিচারক-আইনজীবীদের মধ্যে অপ্রীতিকর ঘটনা দূরীকরণ, বিচার বিভাগের স্বাধীনতা, নারী বিচার প্রার্থীদের জন্য বিচারব্যবস্থা, ঢাকার বাইরে হাইকোর্ট থাকা উচিত কি না-এমন পঞ্চাশটিরও বেশি প্রশ্ন রাখা হয়েছে।
জেইউ/এমজে

