পোশাক খাতে সমস্যা তৈরি করছে পতিত সরকার : শ্রম উপদেষ্টা
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪, ১৮:০৫
ফাইল ছবি
পোশাখ খাতে পতিত সরকার সমস্যা তৈরি করছে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।
বুধবার (১১ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের মিলনায়তনে ‘নাগরিক উৎসবে’ তিনি এ মন্তব্য করেন। ভোটার সচেতনতা ও নাগরিক সক্রিয়তা কার্যকম নিয়ে দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) যৌথভাবে এ উৎসব আয়োজন করে।
শ্রম উপদেষ্টা বলেন, ‘শিল্প খাতে একধরনের অস্থিরতা চলছে। বিশেষ করে তৈরি পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি করা হয়েছে। পতিত সরকার ও তাদের বন্ধুরাষ্ট্র জড়িত হয়ে কিছু সমস্যা তৈরি করছে।’
সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘শ্রমিকরা সমস্যা তৈরি করছেন না। তাঁদের দিয়ে সমস্যা তৈরি করানো হচ্ছে। যারা দেশের বাইরে থেকে অস্থিরতা তৈরির ইন্ধন দিচ্ছে, তাদের বিষয়ে সচেতন থাকতে হবে।’
নির্বাচন বিষয়ে তিনি বলেন, ‘এ পর্যন্ত চারটি জাতীয় নির্বাচন দেশে–বিদেশে মোটামুটি গ্রহণযোগ্য হয়েছে। বাংলাদেশ ভোট ছিল একটি উৎসব। কিন্তু গত ১৫ বছর মানুষ ভোট দিতে পারেনি। নির্বাচন তখনই গ্রহণযোগ্য হয়, যখন তা অংশগ্রহণমূলক হয়।’
তিনি আরও বলেন, ‘অংশগ্রহণ মানে শুধু রাজনৈতিক দল নয়, ভোটারদেরও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকতে হয়। আগামী নির্বাচন যখনই হোক, তা একটি ব্যতিক্রমী নির্বাচন হবে।’
এম সাখাওয়াত হোসেন বলেন, ‘আগামী দিনে যে নির্বাচন হবে, তাতে যাঁরা অংশ নেবেন, তাঁরা নিশ্চয় গত তিনটি নির্বাচন থেকে শিক্ষা নিয়েছেন। যদি শিক্ষা না নেন, তাহলে তা দুর্ভাগ্যজনক। যাতে কারও ভোট ছিনতাই না হয়ে যায়, সে জন্য নাগরিকদের ভোটাধিকার নিয়ে সতর্ক থাকতে হবে।’
ডিআর এমজে

