Logo

জাতীয়

৫৩ বছর পর রাজাকারদের তালিকা করা অসম্ভব : মুক্তিযুদ্ধ উপদেষ্টা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪, ১৮:৪৮

অ
৫৩ বছর পর রাজাকারদের তালিকা করা অসম্ভব : মুক্তিযুদ্ধ উপদেষ্টা

মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম বলেছেন, ‘স্বাধীনতাবিরোধীদের তালিকা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কাছে নেই। আমি ও আমার সচিব মন্ত্রণালয়ে যোগ দেওয়ার পর এ রকম কোনো তালিকা পাইনি। স্বাধীনতার ৫৩ বছর পর রাজাকার-স্বাধীনতাবিরোধীদের তালিকা করা অসম্ভব।’ 

বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, ‘বহু অভিযোগ আছে যে, মুক্তিযোদ্ধা না হয়েও অনেকে মুক্তিযোদ্ধার তালিকায় তালিকাভুক্ত হয়েছেন, গেজেটভুক্ত হয়েছেন এবং সুবিধা গ্রহণ করছেন। আমার দৃষ্টিতে এটা জাতির সঙ্গে প্রতারণা। এটা ছোটখাটো অপরাধ নয়, অনেক বড় অপরাধ।’

তিনি আরও বলেন, ‘যারা ভুয়া মুক্তিযোদ্ধা রয়েছেন, তারা যদি স্বেচ্ছায় এসে তা স্বীকার করেন, তাহলে তাদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করা হবে। নয়তো প্রতারণার দায়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ফারুক-ই-আজম বলেন, ‘রাজাকারের কোনো তালিকা মন্ত্রণালয়ের কাছে নেই। আর চাইলেও রাজাকারের তালিকা করা যাবে না। এই তালিকা করা অত্যন্ত কঠিন বিষয়। বাস্তবকে অস্বীকার করে তো আমরা কিছুই করতে পারবো না।’

তিনি বলেন, ‘৫০ বছর আগের একটি ঘটনা, কোথায় কে আছে না আছে, কার কাছে কী তথ্য আছে কোনোকিছুই জানা নেই। এটা করা আসলেই অনেক কঠিন কাজ।’

মুক্তিযুদ্ধ উপদেষ্টা বলেন, ‘অভিযোগ আছে যে, অনেকে মুক্তিযোদ্ধা সন্তান না হয়েও সরকারি চাকরি নিয়েছেন এবং নানা রকমের সুবিধা নিচ্ছেন। তো আমরা এটাকে যখন পাবলিক ডোমেনে নিয়ে যাচ্ছি তখন এখানে আমরা একটা ফরম দিচ্ছি। এই ফরমের মাধ্যমে যদি কারও বিরুদ্ধে অভিযোগ আসে এবং সেটা যদি প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’

ডিআর/এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন