Logo

জাতীয়

প্রথম আলোতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৪, ১৩:১২

অ
প্রথম আলোতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের

সম্প্রতি দৈনিক প্রথম আলোতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সংবাদটিতে প্রকাশিত তথ্যের ফ্যাক্ট চেকিং করা হয়নি বলে জানানো হয়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ভেরিফায়েড ফেসবুকে প্রকাশিত বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে দাবি করা হয়েছে, গত ২ নভেম্বর দৈনিক প্রথম আলোর প্রথম পাতায় ‘ঢাকায় দুই মাসে ১৯২ জন নিহত হয়েছেন এবং তাদের মধ্যে অন্তত ২১ জনকে ঢাকার মোহাম্মদপুর ও এর পার্শ্ববর্তী এলাকায় হত্যা করা হয়েছে’ বলে প্রকাশিত তথ্যগুলোর ফ্যাক্ট-চেক সঠিকভাবে করা হয়নি। 

প্রেস উইং জানিয়েছে, ‘দৈনিক প্রথম আলোতে প্রকাশিত খবরটি সত্য নয়। এটি ত্রুটিপূর্ণ এবং প্রতিবেদনের তথ্যগুলোর ফ্যাক্ট-চেক সঠিকভাবে করা হয়নি, যা অত্যন্ত বিপজ্জনক। এই প্রতিবেদনটি ধারণা দেয় যে, জুলাই ও আগস্টে শিক্ষার্থীদের নেতৃত্বে গণঅভ্যুত্থানের পরপরই ঢাকায় অপরাধের মাত্রা তীব্রভাবে বেড়েছে।’

বিবৃতিতে বলা হয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) নিশ্চিত করেছে যে রাজধানীতে এই সময়কালে নিহতের সংখ্যা ৬৮ জন, ১৯২ জন নয় এবং মোহাম্মদপুরে ১০ জন নিহত হয়েছেন, ২১ জন নয়। এ বিষয়ে ডিএমপি প্রথম আলোকে প্রতিবাদপত্র দিয়ে পরিস্থিতির ব্যাখ্যা দিয়েছে। তবে ডিএমপির পাঠানো প্রতিবাদ প্রকাশ করলেও ডিএমপির স্পষ্ট ব্যাখ্যা সত্ত্বেও প্রথম আলো তাদের প্রতিবেদন সংশোধন করেনি। 

সরকার আশা করে দায়িত্বশীল সংবাদপত্র হিসেবে প্রথম আলো ডিএমপির ব্যাখ্যার সঙ্গে সামঞ্জস্য রেখে অনলাইনে তাদের প্রতিবেদনটি আপডেট করবে বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং আশা প্রকাশ করেছে। 

বিবৃতিতে আরও বলা হয়েছে, শেখ হাসিনা সরকার পতনের পর ভেঙে পড়া আইনশৃঙ্খলা ব্যবস্থাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে এনে জনজীবনে স্বস্তি দেওয়ার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার এবং পুলিশ কর্তৃপক্ষ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। পুলিশের সক্ষমতা বৃদ্ধিসহ পুলিশ সদস্যদের মনোবল বাড়ানো এবং প্রতিষ্ঠান পুনর্গঠনের কাজ চলমান রয়েছে।

রাজধানীসহ সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে।  

-এমএইচএস

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন