Logo

জাতীয়

জুলাই বিপ্লবে হিন্দু শহীদদের তালিকা প্রকাশ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ১৮:৩১

অ
জুলাই বিপ্লবে হিন্দু শহীদদের তালিকা প্রকাশ

জুলাই বিপ্লবে হিন্দু শহীদদের তালিকা প্রকাশ করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির তথ্য থেকে এ তালিকা প্রণয়ন করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) প্রণয়ন করেছে জুলাই ম্যাসাকার আর্কাইভ। তাদের ফেসবুক পেজ থেকে এ তথ্য জানানো হয়।

তালিকায় ৯ জনের নাম রয়েছে। তারা হলেন, রিয়া গোপ (৭), হৃদয় চন্দ্র তড়ুয়া (২১), রুদ্র সেন (২২), দীপ্ত দে (২২), দিপ্ত দে (২২) শুভ শীল (২৫), সৈকত চন্দ্র দে (৪০), রিপন চন্দ্র শীল ও তনয় চন্দ্র দাস (১৯)।

পেইজে বলা হয়, ‘আপনাদের জানামতে কারও নাম বাদ থাকলে, আমাদেরকে তথ্য দিয়ে সহায়তা করুন।’


এর আগে ২৭ সেপ্টেম্বর জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহতদের নামের খসড়া তালিকা প্রকাশ করা হয়। বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল ও জেলা পর্যায় থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে তালিকাটি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তালিকা প্রকাশ করে। এতে দেখা যায়, ভোলা, চাঁদপুর, কুমিল্লা, গাজীপুর ও নারায়ণঞ্জের স্থায়ী বাসিন্দার মধ্যে নিহতের সংখ্যা বেশি।

উল্লেখ্য, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে টানা আন্দোলন শুরু হয়েছিল গত ১ জুলাই থেকে। অহিংস এই আন্দোলন সহিংস হয় ১৫ জুলাই থেকে। শিক্ষার্থীদের উপর চলে আওয়ামী লীগ সরকারের পুলিশ ও ছাত্রলীগ-যুবলীগের দমনপীড়ন। একপর্যায়ে তা সরকার পতনের আন্দোলনে রূপ নেয়। তাতে যোগ দেন বিভিন্ন স্তরের জনতা। এতে কৃষক, শ্রমিক, নারী, শিশুসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষজন শহীদ হন। পরে ৩৬ দিনের টানা আন্দোলন শেষে ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগ করেন। 

ডিআর/এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন